Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ভিডিও

সাবেক সচিবের বাড়ি যেন টাকার পাহাড়

সাবেক একজন সচিবের বাসায় টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে পুলিশ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামালের মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে টাকার পাহাড়ের সন্ধান পান। পুলিশ এ বাসা থেকে বস্তাভর্তি নগদ ৩ কোটির বেশি টাকা এবং ১০ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করে। গতকাল সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে অভিযান চালিয়ে এসব টাকা ও বিদেশি মুদ্রা জব্দ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ অভিযানে সেনাসদস্যরা পুলিশকে সহায়তা করে।

ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে এসব টাকা ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়। ওই বাসা থেকে নগদ ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা, ৭৪ হাজার ৪০০ টাকা দামের ১০০ টাকার প্রাইজ বন্ড এবং ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা জব্দ করা হয়। এসব বিদেশি মুদ্রার মধ্যে ৩ হাজার মার্কিন ডলার, ১ হাজার ৩২০ মালয়েশিয়ান রিঙ্গিত, ২ হাজার ৯৬৯ সৌদি রিয়াল, ৪ হাজার ১২২ সিঙ্গাপুরিয়ান ডলার, ১ হাজার ৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার কোরিয়ান ইউয়ান ও ১৯৯ চীনা ইউয়ান মুদ্রা পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় একজন সচিব থাকেন পরিবার নিয়ে। পরে স্থানীয়রা জানতে পারেন, বাসাটিতে বিপুল পরিমাণ টাকা লুকিয়ে রাখা হয়েছে। এরপর স্থানীয় জনতা ভবনটি ঘিরে ফেলে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খবর দেন। পরে পুলিশের একাধিক টিম গিয়ে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা জব্দ করে।

পুলিশ বলছে, ওই বাসায় অভিযানের সময় সাবেক সচিব শাহ কামালকে পাওয়া যায়নি। অবৈধভাবে উপার্জিত এসব অর্থ তিনি বাসায় রেখেছিলেন। সরকার পরিবর্তনের পর তিনি আত্মগোপনে চলে গেছেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

২০২০ সালের ২৯ জুন অবসরে যান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. শাহ কামাল। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব থাকাকালে তার বিরুদ্ধে বদলি, কেনাকাটা, উন্নয়ন কাজসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ছিল।

Back to top button