Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

বিএনপির বিরুদ্ধে হুমকি ও মব সৃষ্টির অভিযোগ জামায়াত প্রার্থীর

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হুমকি-ধমকি ও মব সৃষ্টির অভিযোগ তুলেছেন।বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

এয়াকুব আলী চৌধুরী দাবি করেন, খাগড়াছড়িতে ১১ দলীয় জোটের নেতাকর্মী ও নারী কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এতে তার এজেন্ট, কর্মী ও সমর্থকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও অভিযোগ করেন, শালবন এলাকায় তার নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে এবং ক্যাম্প স্থাপনের সময় হামলা চালিয়ে কয়েকজন কর্মীকে আহত করা হয়েছে। এছাড়া টাকা বিতরণের অভিযোগ তুলে প্রতিপক্ষ তার সমর্থকদের পকেটে জোরপূর্বক টাকা গুঁজে দেওয়ার চেষ্টা করেছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে পেট্রোলভর্তি বোতল রেখে মিথ্যা নাটক সাজিয়ে হয়রানির অপচেষ্টা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন। ঘটনার প্রতিবাদ জানিয়ে এয়াকুব আলী চৌধুরী রিটার্নিং কর্মকর্তার কাছে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসুল জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের শালবাগান এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কয়েকজনকে আটক করেছে—এমন খবর পেয়ে পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে যায়। সেখান থেকে তিনজনকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।

তিনি আরও জানান, রাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের শুনানি গ্রহণ করেন এবং বিষয়টি নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রণে গঠিত যুগ্ম জেলা জজের নেতৃত্বাধীন ইলেক্টোরাল ট্রাইব্যুনালে পাঠানোর পরামর্শ দেন। বুধবার সকাল ১০টায় আটক তিনজনকে ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

 

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button