News

তিতুমীর কলেজে কাল শিবিরের নবীনবরণ, ছাত্রদলের পাল্টা কর্মসূচি; নিষেধাজ্ঞা প্রশাসনের

তিতুমীর কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পূর্বনির্ধারিত নবীনবরণ অনুষ্ঠান ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। অনুষ্ঠানের আগের রাতে কলেজে সব ধরনের অনুষ্ঠান আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এদিকে আগামীকাল বৃহস্পতিবার একই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ আয়োজনের ঘোষণা দিয়েছে কলেজ ছাত্রদল।

বুধবার (১৪ অক্টোবর) রাতে কলেজের অধ্যক্ষ ছদরুদ্দীন আহমেদের স্বাক্ষরিত এক নোটিশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। নোটিশে বলা হয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র পূজা অনুষ্ঠান আগামীকাল থেকে শুরু হওয়ায় কলেজে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করা যাবে না। কলেজের সব শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবগতির জন্য নোটিশটি জারি করা হয়েছে।

তবে কলেজের মন্দির-সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে কলেজে তাঁদের কোনো ধর্মীয় কার্যক্রম নেই। এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ ছদরুদ্দীন আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রতিবেদন লেখা পর্যন্ত তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হানিফের নেতৃত্বে কলেজের নারী হলের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রদলের বর্তমান ও সাবেক শতাধিক নেতাকর্মী।

ছাত্রদলের পাল্টা কর্মসূচি

হঠাৎ করেই আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল।

এ বিষয়ে কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবু বক্কর সিদ্দিক বলেন, আগামীকাল ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠিত হবে। দুই দিন আগে, মঙ্গলবার, কলেজ প্রশাসনের কাছ থেকে এ অনুষ্ঠানের অনুমতি নেওয়া হয়েছে।

শিবিরের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি

এর আগে সরেজমিনে দেখা যায়, ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠান ঘিরে ক্যাম্পাসে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সাবেক সভাপতি জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এমন পরিস্থিতিতে একদিকে কলেজ প্রশাসনের অনুষ্ঠান আয়োজনের ওপর নিষেধাজ্ঞা, অন্যদিকে ছাত্রদলের পাল্টা নবীনবরণের ঘোষণা ঘিরে তিতুমীর কলেজে অনিশ্চয়তা ও উত্তেজনা তৈরি হয়েছে।

source: Asia Post

Leave a Reply

Back to top button