মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প, জেতার ব্যাপারে আশাবাদী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
ভেনেজুয়েলাতে নিজেকে খুব জনপ্রিয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া সুযোগ পেলে সেখানে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন বলেও জানান তিনি। সোমবার (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট পদে প্রার্থী হলে আগের যেকোনো প্রার্থীর চেয়ে বেশি সমর্থন পাবেন।
ট্রাম্প বলেন, 'আমি এখানের কাজ শেষ করলে ভেনেজুয়েলায় যাব। খুব দ্রুত স্প্যানিশ শিখে ফেলব- ভাষা শেখায় আমি ভালো। তারপর প্রেসিডেন্ট নির্বাচন করব। ' তবে তিনি একই সঙ্গে জানান, বর্তমানে ভেনেজুয়েলায় দায়িত্বে থাকা ব্যক্তির প্রতি তিনি সন্তুষ্ট।
চলতি বছরের ৩ জানুয়ারি মার্কিন বাহিনী ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। এরপর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগ্রেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, ভেনেজুয়েলাকে ঘিরে সংঘাত 'মাত্র ৪৫ মিনিটেই শেষ হয়ে গেছে'।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে দেশটি থেকে বিপুল পরিমাণ তেল সংগ্রহ করেছে। তার ভাষায়, 'আমরা শত শত মিলিয়ন ব্যারেল তেল নিয়েছি- যা এখন হিউস্টনে পরিশোধিত হচ্ছে। এই তেল দিয়েই যুদ্ধের খরচ বহুবার উঠে এসেছে।' মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ভেনেজুয়েলায় এখন 'ভালো মানুষ' দায়িত্বে আছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কও ভালো। তিনি এটিকে 'অংশীদারিত্ব' হিসেবে উল্লেখ করেন।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedeltalens.com

