আমরা হারিনি, ওরা জোর করে ভোট লুট করেছে- নির্বাচনে হারের পর পদত্যাগ করতে অস্বীকার মমতার

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরেও পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই পরাজয় প্রকৃত অর্থে হার নয়, বরং পরিকল্পিতভাবে 'ভোট লুট' করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সরাসরি অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, নির্বাচন প্রক্রিয়া ছিল পক্ষপাতদুষ্ট এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। তাঁর ভাষায়, "আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে।" তিনি আরও বলেন, প্রায় ১০০টি আসনে কারচুপির মাধ্যমে ফল বদলে দেওয়া হয়েছে।
নিজ আসন ভবানীপুরে পরাজয়ের বিষয়েও প্রশ্ন তোলেন মমতা। তাঁর অভিযোগ, গণনাকেন্দ্রে অনিয়ম, কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপ এবং সহিংসতার মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে। এমনকি তাঁকে ঘটনাস্থলে যেতে বাধা দেওয়ার ঘটনাও তুলে ধরেন তিনি।
এই পরিস্থিতিতে পদত্যাগের প্রশ্ন একেবারেই নাকচ করে দেন তৃণমূল নেত্রী। তাঁর স্পষ্ট বক্তব্য, "কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি।" বরং এখন তিনি নিজেকে 'মুক্ত' মনে করছেন। এছাড়াও রাজপথে নেমে আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন তিনি।
একই সঙ্গে বিরোধী জোট 'ইন্ডিয়া' কে আরও শক্তিশালী করার কথাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর মতে, এই নির্বাচন শুধু একটি রাজনৈতিক লড়াই নয়, বরং গণতন্ত্র রক্ষার বৃহত্তর সংগ্রামের অংশ।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedeltalens.com

