Bd বাংলাদেশ

কামব্যাক কমরেড— মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বুধবার (৬ মে) সন্ধ্যায় তিনি এ তথ্য জানান।

এরপর বিভিন্ন সংবাদমাধ্যমে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতির খবর প্রকাশিত হয়। সেই সংবাদগুলোর একটি ফটোকার্ড নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের সাবেক প্রতিদ্বন্দ্বী এই এনসিপি নেতা ছবির ক্যাপশনে লেখেন, ‘ফাইট দ্য অডস অ্যান্ড কামব্যাক কমরেড।’

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

বর্তমানে তিনি মালেশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাতে শায়রুল কবির খান জানান, তিনি এখন পুরোপুরি শঙ্কামুক্ত। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলতে পারছেন।

তিনি আরও জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার আগেই দেশে ফেরার পরিকল্পনা রয়েছে মির্জা আব্বাসের।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedhakadiary.com

Back to top button