News

দেশের কর্মীদের চেয়ে প্রতিবেশী রাষ্ট্রের মন্ত্রীদের আ.লীগের প্রতি প্রেম বেশি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার© ঢাকা ডায়েরি

বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীদের চেয়ে প্রতিবেশী রাষ্ট্রের মন্ত্রীদের আওয়ামী লীগের প্রতি বেশি প্রেম দেখা যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, “প্রতিবেশী দেশের কিছু নেতা বাংলাদেশের ভূখণ্ড দখলের হুমকি দিচ্ছেন। অথচ এ বিষয়ে আমাদের সরকারের নীরবতায় জাতি উদ্বিগ্ন। তারা বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছে, কিন্তু সরকার এখন পর্যন্ত তাদের হাইকমিশনারকে ডেকে জোরালো কোনো পদক্ষেপ নিতে পারেনি।”

রবিবার (২৯ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, “সরকারের নতজানু পররাষ্ট্রনীতির পরিবর্তে বীরত্বের পররাষ্ট্রনীতি অনুসরণ করা উচিত।”

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, “গাজায় ভয়াবহ বর্বরতা চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের মদদে দখলদার ইসরায়েল এসব হামলা চালাচ্ছে। অথচ ইসরায়েলকে জাতিসংঘের সদস্য করা হলেও ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ না দিয়ে কেবল পর্যবেক্ষক হিসেবে রাখা হয়েছে।”

তিনি বলেন, “ইহুদিবাদী ইসরায়েল আন্তর্জাতিক মদদে ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অস্বীকার করে পুরো ভূখণ্ড দখলের উদ্দেশ্যে একের পর এক গণহত্যা চালিয়ে যাচ্ছে। সংহতি দিবসে শুধু আলোচনা সভা নয়, মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াতে হবে।”

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, “ফিলিস্তিনের জনগণের পক্ষে অবস্থান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া এবং ইসরায়েলি গণহত্যায় নিহতদের জন্য দোয়া করায় জায়নবাদী গোষ্ঠী তার সফরকে বিতর্কিত করার চেষ্টা করেছে। বাংলাদেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের অনেকেই ফিলিস্তিনের পক্ষে জনগণের অবস্থান স্পষ্ট করেছেন। ভবিষ্যতেও বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে।” 

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “একবিংশ শতাব্দীতে সভ্যতার কথা বলা হলেও ফিলিস্তিনের নারী, শিশু ও বেসামরিক মানুষ বেঁচে থাকার অধিকার ও নিরাপত্তা চাইছে। এটি বিশ্ববাসীর জন্য চরম লজ্জার। তবে ফিলিস্তিনের জনগণ দেখিয়েছে কীভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। জীবন দিলেও তারা কোনো পরাশক্তির কাছে মাথানত করেনি।”

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, আর বাংলাদেশে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে।” ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার অন্তত তিনটি গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এর মধ্যে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দিন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের ঘটনা উল্লেখ করেন তিনি।

জুবায়ের আরও বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজনৈতিক দলের নয়, সরকারেরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দায়িত্ব। সরকার চাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও রাষ্ট্র পরিচালনায় জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য রাজনৈতিক সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। তবে এ জন্য গণভোটের রায় মেনে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিতে হবে।” সবার আগে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান তিনি।

সভায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “ফিলিস্তিনের বিষয়টি কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর বিষয় নয়। এটি মানবতা ও মানবাধিকারের প্রশ্ন। আন্তর্জাতিক দ্বিচারিতা বন্ধ করে বিশ্বের সব রাষ্ট্র ও মানুষের সমান অধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “যারা একবিংশ শতাব্দীতে সভ্যতার কথা বলে, তাদের হাতেই বিশ্ব রক্তাক্ত হচ্ছে। ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় বিপুলসংখ্যক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। ইসরায়েল মানবতার জন্য ভয়ংকর হুমকি হয়ে দাঁড়িয়েছে।”

সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী বলেন, “ফিলিস্তিনি জনগণকে বিশ্বসভ্যতা মানুষ হিসেবে বিবেচনা করছে না বলেই ইসরায়েলের গণহত্যা বন্ধ হচ্ছে না।” ভারত সরকারও ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যায় সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ফিলিস্তিনের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, “বিশ্বের সব মজলুম জনগোষ্ঠীর প্রতি সংহতি অব্যাহত থাকবে। জামায়াতে ইসলামী মজলুম মানুষের পক্ষে অবস্থান নেওয়ায় দেশে-বিদেশে নানা ষড়যন্ত্রের শিকার হচ্ছে। তবে কোনো অপপ্রচারে দলটির অগ্রযাত্রা থামানো যাবে না।”

সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। পরিচালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।

সভাপতির বক্তব্যে ড. হেলাল উদ্দিন ফিলিস্তিনের জনগণের পক্ষে ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর, বেসামরিক মানুষের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত, গাজায় খাদ্য-পানি-ওষুধসহ ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত, স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় আন্তর্জাতিক উদ্যোগ এবং অবৈধ বসতি সম্প্রসারণ বন্ধ করা।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button