ভারতে শেখ হেলাল ও শেখ জুয়েলের প্রতি মাসের হোটেল ভাড়া ৯ লাখ টাকা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
হত্যা, দুর্নীতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি এবং পতিত স্বৈরাচার শেখ হাসিনার দুই চাচাতো ভাই শেখ হেলাল উদ্দীন ও শেখ সালাহউদ্দিন জুয়েল বর্তমানে ভারতে অবস্থান করছেন। কলকাতার একটি পাঁচতারকা মানের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে তাদের এই অবস্থান ও বিলাসী জীবনের চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন নির্বাসিত সাংবাদিক জুলকারনাইন সায়ের।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের শীর্ষ সারির প্রভাবশালী নেতারা। জুলাই বিপ্লব ও ছাত্র-জনতার অভ্যুত্থানের পর স্বৈরাচারী শাসক গোষ্ঠীর গুরুত্বপূর্ণ এই নেতারা বর্তমানে কোথায় এবং কীভাবে আছেন, তা নিয়ে অনুসন্ধানী তথ্য প্রকাশ করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের।
তার ফেসবুক পোস্টের বরাত দিয়ে জানা যায়, শেখ হেলাল ও শেখ জুয়েল বর্তমানে ভারতের কলকাতা শহরের নিউ টাউন এলাকায় অবস্থিত অত্যন্ত বিলাসবহুল আবাসন কমপ্লেক্স 'দ্যা ভি' (The V) লাক্সারী এপার্টমেন্ট টাওয়ারে অবস্থান করছেন। সেখানে তারা দুটি পৃথক ৪ বেডরুমের ফ্ল্যাট নিয়ে বসবাস করছেন। উল্লেখ্য, এই একই কমপ্লেক্সের সাথে যুক্ত রয়েছে বিখ্যাত পাঁচ তারকা হোটেল 'ওয়েস্টিন' (The Westin)।
অনুসন্ধানে জানা গেছে, শেখ হেলাল ও শেখ জুয়েলের এই দুইটি ফ্ল্যাটের জন্য প্রতি মাসে শুধু ভাড়া ও সার্ভিস চার্জ বাবদই গুণতে হচ্ছে প্রায় ৭ লক্ষ ভারতীয় রুপি (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ থেকে ১০ লাখ টাকার সমতুল্য)।
নিরাপত্তা ও বিলাসবহুল সব সুযোগ-সুবিধা ভবনের ভেতরেই থাকায় পলাতক এই দুই ভাইকে তেমন একটা বাইরে বের হতে হয় না। তবে ভবনের সাথে সংযুক্ত পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনের বিভিন্ন রেস্তোরাঁতে বসে তারা প্রায়শই বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে নিয়মিত বৈঠক করছেন বলে জানা গেছে।
শেখ জুয়েল: তার সাথে তার স্ত্রী বর্তমানে কলকাতায় অবস্থান করছেন এবং তাদের দুই সন্তান প্রায়ই ভারত ভ্রমণ করে তাদের সাথে দেখা করেন।
শেখ হেলাল: তার সাথে তার স্ত্রীকে দেখা না গেলেও, তার ছেলে সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়কে কিছুদিন পরপরই বাবার সাথে সাক্ষাৎ করতে আসতে দেখা যায়।
এ ছাড়া, বর্তমানে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নির্বাচিত কিছু নেতাকর্মী নিয়মিত এই আবাসিক কমপ্লেক্সে যাতায়াত করছেন এবং তাদের সাথে যোগাযোগ রাখছেন বলে সাংবাদিক জুলকারনাইন সায়ের তার পোস্টে নিশ্চিত করেছেন।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: mirrornews24.net

