সিলেটে এনসিপির গাড়ি বহরে আবারো হামলা, নাসীরুদ্দীন পাটোয়ারীসহ আহত ২

সিলেটের জৈন্তাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে দলের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ফের হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলায় এনসিপির মুখ্য সমন্বয়ক মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্তত দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
গাড়িবহরে থাকা এনসিপির সহযোগী সংগঠন ছাত্রশক্তির সিলেট মহানগরের আহ্বায়ক জুবায়ের আহমদ ঘটনার বিবরণ দিয়ে জানান, জৈন্তাপুরে নির্ধারিত পথসভা শেষে কেন্দ্রীয় নেতাদের বহরটি হরিপুর বাজার পার হয়ে চিকনাগুলের দিকে যাওয়ার সময় রাস্তার পাশ থেকে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল চলন্ত গাড়িতে অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে গাড়ির গ্লাস ভেঙে ভেতরে থাকা নাসীরুদ্দীন পাটোয়ারী ও রেদোয়ান আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলার পর নাসীরুদ্দীন পাটোয়ারী তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে এক বার্তার মাধ্যমে হামলার বিষয়টি নিশ্চিত করলেও তাঁদের শারীরিক অবস্থার বিস্তারিত আর কিছু জানা যায়নি।
তবে ঘটনার বিষয়ে জানতে চাইলে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, পুলিশের অনুসন্ধানে এ ধরনের কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি এবং যারা এই দাবি করছে তা সঠিক নয়।
source: Azadir Dak