News
পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে যাচাই-বাছাইহীন ও মনগড়া তথ্য প্রচার করে নেতিবাচক প্রচারণা চালানোর অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। এসব কার্মকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিবর্গ ও তাদের সহযোগীরা পুলিশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। এর প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংগঠনটি।
সোমবার (৩ আগস্ট) রাতে ফেসবুকে ‘বাংলাদেশ পুলিশ’ এর ভেরিফাইড পেজের পোস্টে দেওয়া এক বিবৃতি এসব অভিযোগ ও দাবি জানায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।
বিবৃতিতে বলা হয়, পুলিশ প্রধান থেকে শুরু করে রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার, অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিগত সরকারের সহযোগী হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিরুদ্ধে কাল্পনিক ও যাচাই-বাছাইবিহীন তথ্য প্রকাশ করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, কিছু ব্যক্তি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সক্রিয়কর্মী হিসেবে পরিচয় দিয়ে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে জনমনে বিদ্বেষ সৃষ্টি এবং তাঁদের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, কোনো পুলিশ সদস্য অতীতে গুম, খুন, দমন-পীড়ন, নির্যাতন বা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেছে সংগঠনটি। একই সঙ্গে শুধু বিগত সরকারের সময়ে চাকরি করার কারণে পেশাদার, সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের দাবি, এসব প্রচারণার অন্যতম উদ্দেশ্য হলো পুলিশ কর্মকর্তাদের মনোবল দুর্বল করা, সদ্য পদায়ন পাওয়া কর্মকর্তাদের বিতর্কিত করা, সামগ্রিকভাবে পুলিশ বাহিনীকে ‘ডিমোরালাইজড’ করা এবং জনমনে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করা। এর মাধ্যমে সরকারের আইনশৃঙ্খলা রক্ষার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এ ধরনের মানহানিকর প্রচারণা, মিথ্যা তথ্য প্রচার এবং পুলিশ কর্মকর্তাদের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টায় জড়িত ব্যক্তি ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। পাশাপাশি পুলিশ বাহিনীর পেশাদারিত্ব রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টাকে আরও জোরদার করতে সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।
source: The Dhaka Diary