News

পরিচয় দিতেই বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়ার খোকসা পৌরসভার মেয়র পদপ্রার্থী ও সাবেক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজুর ওপর একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে খোকসা থানা পাড়া এলাকায় তাঁর নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন নাফিজ আহমেদ রাজু। নিজ বাড়ির গেটে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা পাঁচজন অজ্ঞাত দুর্বৃত্ত তাঁর পরিচয় নিশ্চিত হওয়ার পরই দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। হামলাকারীরা তাঁকে চাপাতি ও লোহার হাতুড়ি দিয়ে বেধড়ক পেটাতে থাকে, এতে তাঁর পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং শরীরে গুরুতর আঘাত পান তিনি।

রাজুর আত্মচিৎকারে স্বজন ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে সন্ত্রাসীরা চারদিকে আতঙ্ক ছড়াতে ১৬-১৭ রাউন্ড গুলিবর্ষণ এবং তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর তারা দ্রুত দুটি মোটরসাইকেলে চেপে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে রাত ১২টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত বিএনপি নেতা অভিযোগ করেন, পরিচয় নিশ্চিত হয়েই পরিচিত কিংবা ভাড়াটে দুর্বৃত্তরা তাঁর ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে। খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই হামলার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button