News

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে এক মাসের কর্মপরিকল্পনা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান।© সংগৃহীত

রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ নিয়ন্ত্রণে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ সংরক্ষণবিষয়ক এক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সাংবাদিকদের বলেন, “আগামী এক মাসের মধ্যে নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।”

তিনি জানান, নদীর দূষণ যাতে আর না বাড়ে, সে জন্য শিল্পকারখানাগুলোতে বাধ্যতামূলকভাবে ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপনের নির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে পরিবেশ দূষণ রোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও জোরদার করা হবে।

আবদুস সালাম বলেন, “নদী রক্ষা করা না গেলে মানুষ ও পরিবেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।” তিনি আরও জানান, যারা সরকারি নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, সরকারের লক্ষ্য শুধু রাজধানীর নদীগুলো নয়, পর্যায়ক্রমে দেশের সব নদীকে দূষণমুক্ত করা। তবে এ কর্মসূচির প্রাথমিক বাস্তবায়ন শুরু হবে ঢাকার চারপাশের নদীগুলোকে কেন্দ্র করে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button