News

টরন্টো-রোম ফ্লাইটের যাত্রীদের দুর্ভোগ, বাংলাদেশ থেকে যাচ্ছে প্রকৌশলী দল

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে দুই শতাধিক যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। যাত্রীদের অভিযোগ, কানাডা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীদের জন্য আবাসনের ব্যবস্থা করা হলেও বাংলাদেশি পাসপোর্টধারীদের বিমানবন্দরের একটি লাউঞ্জে রাখা হয়েছে।

বিজি-৩০৬ ফ্লাইটটি কানাডার টরন্টো থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ মিনিটে টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই শতাধিক যাত্রী নিয়ে উড্ডয়নের প্রায় আট ঘণ্টা পর উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে এটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

আটকে পড়া যাত্রীদের কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় তাদের ভোগান্তির কথা জানিয়েছেন। তাদের অভিযোগ, বিমানবন্দরে নামার পর দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। পরে বাংলাদেশি পাসপোর্টধারীদের একটি ‘প্রিমা ভিস্তা’ লাউঞ্জে রাখা হয়। সেখানে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে অনেকেই অসুস্থ বোধ করছেন বলে জানান।

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের সিনিয়র লেকচারার মো. আবু সাঈদ এক ভিডিও বার্তায় জানান, যান্ত্রিক সমস্যার কথা জানিয়ে যাত্রীদের প্রায় আট ঘণ্টা উড়োজাহাজের ভেতর অপেক্ষা করানো হয়। ফ্লাইটে বয়স্ক, শিশু ও অসুস্থ যাত্রী থাকায় তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

তিনি আরও জানান, পরে বিমানের কর্মকর্তাদের উদ্যোগে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার সুযোগ দেওয়া হয়। তবে প্রায় ১৭০ জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী বিমানবন্দর ছেড়ে হোটেলে যেতে পারেননি। রাত পর্যন্ত লাউঞ্জের মেঝে ও চেয়ারে বসে বা শুয়ে তাদের সময় কাটাতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

লাউঞ্জে থাকা ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা মো. রোকন উর রহমান বলেন, বয়স্ক যাত্রীদের মধ্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত অনেকেই সমস্যায় পড়েছেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজনীয় সেবা না পাওয়ার অভিযোগ করেন তিনি।

প্রকৌশলী ও যন্ত্রাংশ পাঠাচ্ছে বিমান

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে পরিচালিত বিজি-৩০৬ ও বিজি-৩০৭ ফ্লাইটের নির্ধারিত উড়োজাহাজটি (S2-AJY) বর্তমানে গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে।

কারিগরি ত্রুটি মেরামতে দুই সদস্যের প্রকৌশলী দল এবং প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ নিয়ে বিজি-৩০৫ ফ্লাইট শনিবার রাত ১টা ৫৩ মিনিটে ঢাকা থেকে রোমের উদ্দেশে ছেড়ে গেছে। স্থানীয় সময় রোববার সকাল ৬টা ৫০ মিনিটে ফ্লাইটটির রোমে পৌঁছানোর কথা রয়েছে।

বিমান কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, কারিগরি ত্রুটি নির্ধারিত সময়ে সমাধান হলে গ্রাউন্ডেড উড়োজাহাজটি শনিবার স্থানীয় সময় রাত ১০টায় রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। সেটি রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে পারে।

ফ্লাইটটির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যাত্রীদের নিয়মিত তথ্য জানানো হবে বলেও জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিজি-৩০৬ ফ্লাইটটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে পরিচালিত হচ্ছিল।

এসআর

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button