News
হাসিনার আমলের মতো ভারতের কোনো সংস্থা বাংলাদেশে কাজ করতে পারবে না

প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ভারতীয় সংস্থাগুলো যেভাবে বাংলাদেশে কাজ করেছে, বর্তমান সরকারের আমলে সেভাবে কাজ করতে পারবে না বলে
ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) কর্মকর্তাদের সাম্প্রতিক সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ (১১ আগস্ট) এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।
আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাহেদ বলেন, র-এর কর্মকর্তারা বাংলাদেশ সফর করতে পারেন এবং তাদের বাংলাদেশি ‘কাউন্টারপার্টদের’ সঙ্গে যোগাযোগ বজায় রাখতে পারেন। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের গোয়েন্দা প্রধানও ভারত সফর করেছেন।
তবে জাহেদ বলেন, ভারতের কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে—আমি হাসিনার আমলের কথা বলছি—যে ধরনের অ্যাটিচিউড করেছে, সেটা আর হতে পারবে না। আমরা আলাপ করছি সেটা।
তিনি আরও বলেন, বর্তমানে ভারতে অবস্থানরত হাসিনার সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে ভারতের প্রতিক্রিয়ায় স্পষ্ট হয়ে গেছে যে, তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে নয়াদিল্লি ভূমিকা রেখেছিল।
জাহেদ বলেন, ভারত যদি বাংলাদেশের সাথে অনুকূল সম্পর্ক স্থাপন করতে চায়, তবে তাদেরকেই প্রথম পদক্ষেপ নিতে হবে।
ব্রিফিং চলাকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা শিক্ষা, জ্বালানি, বিমান চলাচল ও সাম্প্রতিক কিছু রাজনৈতিক ইস্যুতে সরকারের অবস্থান সম্পর্কেও কথা বলেন।
শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, অতীতে বিভিন্ন উপায়ে পাশের হার বাড়ানোর যে অভিযোগ ছিল, সে পথে না হেঁটে সরকার শিক্ষার প্রকৃত মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।
জাহেদ জানান, শিক্ষার্থীদের দেশের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে স্কুলের শিক্ষার্থীরা সপ্তাহে একদিন বিনামূল্যে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিদর্শনের সুযোগ পাবে।
তিনি আরও জানান, জাতীয় জাদুঘরসহ অন্যান্য জাদুঘরেও পর্যায়ক্রমে বিনামূল্যে প্রবেশের সুযোগ চালু করা হবে।
উপদেষ্টা বলেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার নতুন জ্বালানি নীতি প্রণয়ন করছে। এই নীতিতে কাউকে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের ১৮০ দিন পূর্ণ হওয়া উপলক্ষে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলেও ইঙ্গিত দেন জাহেদ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রীদের পারফরম্যান্স ও কাজের পর্যালোচনার ভিত্তিতে মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি বিবেচনা করা হতে পারে। তবে সরকারের ১৮০ দিন পূর্ণ হওয়ার সঙ্গে এর সরাসরি সম্পর্ক নেই।
জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের দেশে ফেরা প্রসঙ্গে জাহেদ বলেন, সাকিব ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু তিনি একজন ‘নষ্ট, পচে যাওয়া মানুষ’।
তবে আওয়ামী লীগের সাবেক এই এমপি দেশে ফিরলে তার নিরাপত্তায় কোনো ঝুঁকি থাকবে না বলেও উল্লেখ করেন জাহেন। তিনি বলেন, ‘উনি [সাকিব] আসবেন এবং উনি নিরাপত্তার মাধ্যমেই ফেস করবেন ওনার যা যা অভিযোগ আছে এবং সেখানে যা যা আইনগত ব্যাপার আছে সব তিনি মেনে নিয়ে যদি আসেন, কোনো সমস্যা আমি দেখি না।’
হাসিনার বিষয়ে উপদেষ্টা বলেন, তিনিও যদি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসেন, তবে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং আইন অনুযায়ী তার যথাযথ বিচার করা হবে।
source: The Dhaka Diary