News

প্রতিমন্ত্রীর উপহারের বক্তব্য ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা, সরকারের ব্যাখ্যা চাইল টিআইবি

প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও টিআইবি© সংগৃহীত ও সম্পাদিত
ঠিকাদারের কাছ থেকে প্রকৌশলীদের ‘উপহার’ গ্রহণের পক্ষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দেওয়া বক্তব্যকে ঘুষ লেনদেনের মতো অপরাধ বৈধতা দেওয়ার পাঁয়তারা হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে প্রতিমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে সংস্থাটি। একই সঙ্গে প্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বক্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে টিআইবি। এ ছাড়া এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা এবং বক্তব্যের পেছনে একজন সিনিয়র সচিবের পরামর্শ থাকার বিষয়টি তদন্ত করে জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে সংস্থাটি।
 
বুধবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানায় টিআইবি।
 
এর আগে গত ১০ নভেম্বর রাজধানীর এলজিইডি মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সেখানে তিনি বলেন, ঠিকাদার খুশি হয়ে প্রকৌশলীদের উপহার দিলে তা গ্রহণে সমস্যা নেই।
 
প্রতিমন্ত্রী বলেন, ‘একটি কাজ বাস্তবায়ন করে নেওয়ার ক্ষেত্রে চৌদ্দবার খেয়াল করবেন, এই টাকাটা জনগণের। ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন।’
 
বক্তব্যে তিনি আরও বলেন, জনগণের কষ্টার্জিত অর্থে নির্মিত অবকাঠামোগুলো যেন টেকসই হয় এবং মানুষের প্রকৃত উপকারে আসে, সেদিকে খেয়াল রেখে কাজের গুণগত মান শতভাগ নিশ্চিত করতে হবে। ঠিকাদারদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রেখে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা না দেখিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাঠপর্যায়ে কাজ করার সময় সরকারের ক্রয়সংক্রান্ত বিধানাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
 
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া ও বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা সরকারি প্রকৌশলীর নিয়মিত দায়িত্ব। এ কাজের জন্যই তিনি জনগণের অর্থে বেতন-ভাতা পান। তাহলে সেই দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে “উপহারের” নামে অবৈধ অর্থ নেবেন কেন? এই কাজের জন্য উপহার নেওয়া যায় বলে প্রতিমন্ত্রী কি ঘুষকে বৈধতা দিচ্ছেন, প্রকারান্তরে ঘুষ নিতে উৎসাহ দিচ্ছেন?
 
যাদের দায়িত্ব সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানো, চাকরির শুরুতেই তাদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত উপার্জনের পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা এবং আইনের লঙ্ঘন। সরকারের একজন প্রতিমন্ত্রীর এমন বক্তব্যকে মাঠপর্যায়ে ঘুষ দাবিকে বৈধতা প্রদানসহ দুর্নীতির ব্যাপকতর বিস্তার ঘটাবে। “নতুন করে চিন্তা” করার নামে প্রতিমন্ত্রী কি সরকারি ক্রয়ে ঘুষ ও দুর্নীতিবান্ধব পরিবেশের অধিকতর বিকাশ ও তার সুরক্ষা নিশ্চিতের পাঁয়তারা করছেন? তার এই বক্তব্য সরকারের অবস্থান কি-না, তা সরকারকেই স্পষ্ট করতে হবে।’
 
টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, ‘নিয়মিত দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে ঠিকাদারের মুনাফা থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ কোন আইন বা বিধিতে আছে, তা তাঁকে জনসমক্ষে জানাতে হবে। দণ্ডবিধির ১৬১ ধারা অনুযায়ী সরকারি কাজ করার প্রণোদনা বা পুরস্কার হিসেবে বৈধ পারিশ্রমিকের বাইরে সুবিধা গ্রহণ শাস্তিযোগ্য। দাপ্তরিক কাজে সংশ্লিষ্ট বলে জানা কোনো ব্যক্তির কাছ থেকে বিনা প্রতিদানে বা প্রতিদান অপর্যাপ্ত জেনেও মূল্যবান বস্তু গ্রহণের ক্ষেত্রে দণ্ডবিধির ১৬৫ ধারায় শাস্তির বিধান রয়েছে। অন্যদিকে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ৫(১) অনুযায়ী, বিধিতে নির্ধারিত ব্যতিক্রম সাপেক্ষে দাতার প্রতি দাপ্তরিক বাধ্যবাধকতা তৈরি করে এমন উপহার গ্রহণে সরকারের পূর্বানুমতি প্রয়োজন।
 
একই বিধিমালার ৫(৪)-এ সচিব বা সমমর্যাদার কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট উৎস থেকে পাওয়া প্রতিটি উপহারের মূল্যসীমা ৫০০ টাকা। অন্যদিকে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর তফসিল ২০-এর অনুচ্ছেদ ৬(২) অনুযায়ী, প্রতিষ্ঠানের লোগোযুক্ত ডায়েরি, ক্যালেন্ডার বা কলমের মতো স্বল্পমূল্যের সামগ্রী দেওয়ার ক্ষেত্রে প্রতিটির মূল্য সর্বোচ্চ ৫,০০০ টাকা। এ দুই সীমিত বিধানের কোনোটিই দাপ্তরিক কাজের পুরস্কার হিসেবে ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহারের নামে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ দেয় না।’
 
প্রতিমন্ত্রীর বক্তব্যে স্বার্থের সংঘাতের ঝুঁকির বিষয়টিও তুলে ধরেন ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘যে ঠিকাদারের কাজ একজন প্রকৌশলী তদারক করেন, সেই ঠিকাদারের কাছ থেকেই ব্যক্তিগত সুবিধা নিলে তার নিরপেক্ষতা থাকবে কীভাবে? এমন লেনদেন তদারকি ও বিল প্রত্যয়নের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে, অন্য ঠিকাদারদের সমান সুযোগও ক্ষুণ্ণ করতে পারে। অন্যদিকে ঠিকাদারের সঙ্গে প্রকৌশলীর যোগসাজশের দুর্নীতি আরও বৃদ্ধি পাবে। একই চর্চা অন্য সরকারি দপ্তরে ছড়িয়ে পড়বে, সেবা দেওয়ার পূর্বশর্ত হিসেবে উপহারের নামে অবৈধ অর্থ আদায় করাও স্বাভাবিকতায় পরিণত হবে। আজ যে উপহার স্বেচ্ছায় দেওয়া হচ্ছে বলে দাবি করা হচ্ছে, কাল তা সর্বব্যাপী নাগরিকের প্রাপ্য সেবা পাওয়ার ক্ষেত্রে ঘুষ আদায় সরকার ঘোষিত শর্তে পরিণত হবে।’
 
প্রতিমন্ত্রী তার বক্তব্যে একজন সিনিয়র সচিবের পরামর্শের কথা উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘প্রতিমন্ত্রীর বর্ণনা অনুযায়ী ওই সিনিয়র সচিব এমন পরামর্শ দিয়ে থাকলে তার পেশাগত সততা ও পদে বহাল থাকার নৈতিক যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। বাস্তবে এক্ষেত্রে প্রতিমন্ত্রীর সঙ্গে সিনিয়র সচিবের যোগসাজসমূলক দুর্নীতির প্রতিষ্ঠানিকীকরণের ষড়যন্ত্র চলছে কি-না-এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক। এমন অবস্থান সরকার ও ক্ষমতাসীন দলের জন্য বিব্রতকর ও আত্মত্মঘাতী। সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক।’
 
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চাঁদাবাজিকে সমঝোতার লেনদেন হিসেবে ঘোষণার প্রসঙ্গও সরকারকে স্মরণ করিয়ে দেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, ‘সরকারের দায়িত্বশীল অবস্থানে অধিষ্ঠিত ব্যক্তিদের এমন লাগামহীন দুর্নীতিসহায়ক অবস্থান যে নিজেদের জন্য অশনিসংকেত-তা সরকারকে বুঝতে হবে।’
 
ঠিকাদারের কাছ থেকে ‘উপহার’ গ্রহণ নিয়ে দেওয়া বক্তব্যের জন্য প্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তা নিঃশর্তভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে টিআইবি। পাশাপাশি প্রতিমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যাসহ জবাবদিহি নিশ্চিত এবং তার বক্তব্যে উল্লিখিত সিনিয়র সচিবের পরামর্শের সত্যতা যাচাই করে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংস্থাটি।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button