News

আরব আমিরাতে বাতিল হওয়া ভিসা পুনর্বহালের দাবি

সংযুক্ত আরব আমিরাতে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের স্বয়ংক্রিয়ভাবে বা বিভিন্ন জটিলতার কারণে বাতিল হওয়া ভিসা দ্রুত পুনর্বহাল এবং নবায়নের দাবি জানিয়েছে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা’ নামের একটি সংগঠন।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

এ সময় সংগঠনের সহকারী সেক্রেটারি মো. শরিফ বলেন, সংযুক্ত আরব আমিরাতে কর্মরত অনেক বাংলাদেশির ভিসা স্বয়ংক্রিয়ভাবে কিংবা বিভিন্ন জটিলতার কারণে বাতিল হয়ে গেছে। এতে অনেকে কর্মসংস্থান হারানোর আশঙ্কায় রয়েছেন। ভিসা জটিলতার কারণে আর্থিক সংকটের পাশাপাশি প্রবাসীদের পরিবারগুলোও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

তিনি বলেন, বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতোমধ্যে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তথ্য সংগ্রহ এবং ভিসা নবায়ন ও পুনর্বহালের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের নেতা মো. শহীদুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button