News

চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় ৮ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) ভোরে ইয়ার্ডে একটি জাহাজে হাউসকিপিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া পর সেখানে আরও পাঁচজনের মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় এখনো পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থালেই তিনজন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আরও পাঁচজনের মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, ওই কারখানা থেকে ছয়জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে পাঁচজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

এ বিষয়ে চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম জানান, বিষাক্ত গ্যাস ছড়িয়ে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

বার্তা বাজার/ আইকে

source: Barta Bazar

Leave a Reply

Back to top button