শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট, পদ হারালেন দুই ছাত্রদল নেতা

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির দুই সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে তাঁদের বহিস্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।
শনিবার (১৫ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্তের অনুমোদন দেন।
অব্যাহতি পাওয়া দুই শিক্ষার্থী হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী এহতেশামুল হক এবং সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী ফয়েজ হাওলাদার। ফয়েজ হাওলাদার একইসঙ্গে জাবি শাখা বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
যদিও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে কেবল ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ’-এর কথা উল্লেখ করা হয়েছে, তবে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি জানান, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে ফেসবুকে পোস্ট দেওয়া ছাত্রদলের আদর্শ ও সংগঠনের নীতিগত অবস্থানের পরিপন্থী।
তিনি আরও উল্লেখ করেন, ছাত্রদলের রাজনৈতিক ও আদর্শিক দিক বিবেচনায় এই ধরনের পোস্ট গ্রহণযোগ্য নয় বলেই তাঁদের বিরুদ্ধে দ্রুত এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
source: Azadir Dak