বিএনসিসি-আনসার-ভিডিপি-স্কাউটস ও ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে পাইলট প্রকল্প

যুবশক্তির উন্নয়ন ও জাতীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), আনসার-ভিডিপি, স্কাউটস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য পাইলট প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দেশের ৯টি জেলায় একযোগে এ প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম পর্ব শুরু হয়। জেলাগুলো হলো- ঢাকার সাভার, টাঙ্গাইল, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, গাজীপুর, পটুয়াখালী ও রাজশাহী।
সাভারের বাইপাইলে বিএনসিসি ট্রেনিং একাডেমিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি শৃঙ্খলা, দায়িত্ববোধ, আত্মবিশ্বাস ও প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণার্থীদের আন্তরিকভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
রোববার থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে আনসার-ভিডিপি ও বিএনসিসির সদস্যদের নিজ নিজ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
এ ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে আনসার-ভিডিপি ও স্কাউটসের সদস্যদের এক সপ্তাহব্যাপী বেসামরিক প্রতিরক্ষা বা সিভিল ডিফেন্সবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।
পাইলট প্রকল্পের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল অংশগ্রহণ প্রত্যাশা করা হয়েছে।
source: Asia Post