রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর বর্তমানে ভোট গণনার কার্যক্রম চলছে। গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৪৮ জন সংসদ সদস্য।
ভোটগ্রহণ শেষে বিকেল ৫টায় সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা এখন ভোট গণনা করবেন। গণনা শেষ হলেই ফলাফল জানিয়ে দেওয়া হবে।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।
জাতীয় সংসদের চট্টগ্রাম-৪ আসন বর্তমানে শূন্য থাকায় মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন। তবে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করায় তিনি ভোট দিতে পারেননি।
রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হতে প্রয়োজন ১৭৫ ভোট। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকায় বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। নির্বাচিত হলে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হবেন।
সংসদ সদস্য হিসেবে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও ভোট দিয়েছেন। তবে রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হবে। একই সঙ্গে মন্ত্রী পদ থেকেও তাকে পদত্যাগ করতে হবে।
অন্যদিকে সংসদ সদস্য না হওয়ায় ১১-দলীয় জোটের প্রার্থী অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেননি।
নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদ কক্ষে মোট চারটি ব্যালট বাক্স রাখা হয়। সংসদ সদস্যরা প্রকাশ্যে ভোট দেন। ব্যালটে ভোটারের নাম এবং তিনি কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, তা উল্লেখ থাকে।
source: The Daily Campus