News

সাভারে গিয়ে শ্রদ্ধা জানালেও রাষ্ট্রীয় নেতারা জুলাই মিনারে যান না— অ্যাক্টিভিস্ট ইশরাকের উদ্বেগ

মোহাম্মদ ইশরাক© ফেসবুক থেকে নেওয়া

বিভিন্ন কর্মসূচি উপলক্ষ্যে রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে রাষ্ট্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য গেলেও চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে (জুলাই মিনার) শ্রদ্ধা না জানানোর প্রচলন না থাকায় উদ্বেগ জানিয়েছেন এক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ ইশরাক। 

তিনি উদ্বেগ জানিয়ে বলেন, ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা প্রমুখ সাভারে যান। ফুল দেন। শ্রদ্ধা জানান। কিন্তু তারা কেউ জুলাই মিনারে যান না।’

শনিবার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনি এ মন্তব্য করেন। 

ফেসবুক পোস্টে মোহাম্মদ ইশরাক লেখেন, “রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা প্রমুখ সাভারে যান। ফুল দেন। শ্রদ্ধা জানান। কিন্তু তারা কেউ জুলাই মিনারে যান না।”

তিনি আরও লেখেন, “যে শহীদরা তাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা বানালো তাদের প্রতি শ্রদ্ধা জানানোটা এখনও রাষ্ট্রাচারের অংশ হতে পারে নাই আর কি।”

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই ও আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে জুলাই গণহত্যা সংঘটিত হয়েছিল। গণঅভ্যুত্থান সফল হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ঘটে এবং মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব নেয়। ২৪ জুন ২০২৫ সালে সরকার ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের উদ্দেশ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচিতে বাংলাদেশের প্রতিটি জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্প অন্তর্ভুক্ত ছিল। 

পরে ২৬ জুন ২০২৫ সালে প্রজ্ঞাপনের মাধ্যমে ৩৭ সদস্য বিশিষ্ট জাতীয় কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। এই কমিটি বাংলাদেশের ৬৪ জেলায় অভ্যুত্থানকে উৎসর্গ করে একটি করে স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা করে। এর জন্য শিল্পী আব্দুল হালিম চঞ্চলের করা স্মৃতিস্তম্ভের প্রস্তাবিত নকশা সরকার কর্তৃক গৃহীত হয় যা ৯ জুলাই ২০২৫ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম অনুমোদন করেন। অনুমোদন পর প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জেলা প্রশাসকদের নির্মাণস্থল চিহ্নিত করার জন্য নির্দেশ দেওয়া হয়। 

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button