News

আ. লীগের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়কেও একই কাতারে রাখতে চান আমির খসরু

আমির খসরু মাহমুদ চৌধুরী© প্রথম আলো

দেশের অর্থনৈতিক অবস্থার বেহাল অবস্থার কারণ বর্ণনা করতে গিয়ে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলের সঙ্গে চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সময়কেও দায়ী করেছেন বর্তমান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

আজ সোমবার (২৪ আগস্ট) দৈনিক প্রথম আলোতে প্রকাশিত “চাইলেই কাল সকালে বিদ্যুৎ আর গ্যাস দিতে পারব না” শীর্ষক এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে কথা বলেন। 

সাক্ষাৎকারটিতে প্রথম আলোর পক্ষ থেকে মন্ত্রীকে প্রশ্ন করে বলা হয়, “গ্যাস–বিদ্যুতের সংকট কাটাতে দুই বছর সময়ের কথা আপনি বলেছেন। আবার বলেছেন, অর্থনীতির স্থবিরতা কাটাতে দুই বছর ও পরিপূর্ণ ঘুরে দাঁড়াতে চার বছরের কথা। এ সময়ে উৎপাদন বাড়ানো, বন্ধ কারখানা চালু, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মতো বিষয়গুলোয় সরকারের অন্তর্বর্তী পরিকল্পনা কী?”

জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমি দুই বছর, চার বছরের কথা বলেছি ভঙ্গুর অবস্থা থেকে স্থিতিশীলতা ও স্থিতিশীলতা থেকে সমৃদ্ধির দিকে যাওয়ার বিষয়ে। এটা পর্যায়ক্রমে হবে। দুর্ভাগ্যবশত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসও আমাদের নষ্ট হয়েছে। ১৮ মাস যে একটা সরকার ছিল, গ্যাসের দিকে তাদের নজরই ছিল না। সময়টা নষ্ট করেছে, আমাদেরও অনেক ক্ষতি করেছে। এতটা সময় বসে থেকে দেশটাকে আরও নিচে নিয়ে গেছে তারা। আমাদের এখন একসঙ্গে সব করতে হচ্ছে।”

পরে প্রথম আলোর পক্ষ থেকে ফের প্রশ্ন করে বলা হয়, “আওয়ামী লীগের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়কেও একই কাতারে রাখলেন?”

এ প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “হ্যাঁ। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের সঙ্গে দেড় বছর যোগ করুন। ১৭ বছরের জঞ্জাল সাফ করে অর্থনীতি নিয়ে এগোতে হচ্ছে। আগে তো গর্ত থেকে বের করে আনতে হবে। তারপর স্থিতিশীল করতে হবে। তারপর অর্থনীতি সত্যিকারের গতি পাবে। চতুর্থ, পঞ্চম বছরে গিয়ে দেখবেন অর্থনীতি টেক অফ করবে। এ জন্য যত নীতিমালার কাজ, যত সংস্কার— এসব করছি এবং ইতিবাচক সাড়া পাচ্ছি। বিদেশি তহবিল ব্যবস্থাপকেরাও আসছেন। আশা করছি, হংকং দুই বিলিয়ন মার্কিন ডলারের তহবিল নিয়ে আসবে। অর্থনীতির ওপর আস্থা সৃষ্টি হচ্ছে।”

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button