News

বিগত ১৫ বছরের সম্পর্ক পুনর্মূল্যায়ন করে ভারতের সঙ্গে নতুন সম্পর্ক করতে হবে: নাহিদ

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম© দ্য ঢাকা ডায়েরি
বিগত ১৫ বছরের সম্পর্ক পুনর্মূল্যায়ন করে ভারতের সঙ্গে নতুন সম্পর্ক করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
 
তিনি বলেছেন, ‘এ বছর গঙ্গা চুক্তি শেষ হচ্ছে। আমরা যাতে পানির ন্যায্য হিসাব পাই,  সীমান্তে পুশইন ও সীমান্ত হত্যা যাতে বন্ধ হয়—ইত্যাদির ভিত্তিতে ভারতের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন সম্ভব।’
 
আজ সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলামোটরস্থ রূপায়ন টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। ক্ষমতাসীন বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
 
এনসিপির  আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা তো আজকে স্পষ্টভাবে সরকারি দলের ব্যর্থতার বিষয় গুলো তুলে ধরেছি। সরকার যে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো কোথায় ভঙ্গ করেছে, এটা আমরা দেখেছি এবং তাদের ব্যর্থতা গুলো বলেছি। বিরোধী দল হিসেবে এটাই আমাদের দায়িত্ব। তাদের সফলতা দেখানোর দায়িত্ব তো আমাদের না। যেটা সরকার দেখাচ্ছে, সেটা জনগণ বিবেচনা করবে।”
 
৫ আগস্টে ভারতে আওয়ামী লীগের প্রেস ব্রিফিংয়ের বিষয়ে তিনি বলেন, “ভারতে ৫ আগস্ট আওয়ামী লীগের যে প্রেস ব্রিফিংটি হয়েছে দিল্লিতে, এই প্রেস ব্রিফিংটা আমরা মনে করি, এটা কেবল আওয়ামী লীগের প্রেস ব্রিফিং না। এটা আসলে দিল্লির ভাষ্য—ভারত সরকার বাংলাদেশকে কী বলতে চায়, সেটাই বলা হয়েছে। কারণ ভারত সরকারের বা দিল্লির সহযোগিতা, মদদ ছাড়া এই প্রেস ব্রিফিং সম্ভব হতো না।”
 
ভারতের দ্বিচারিতা নিয়ে তিনি বলেন, “ফলে একই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম করতে দেওয়া, পাশাপাশি বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন রাখা—এটা আসলে একই সঙ্গে সম্ভব নয়। আমরা মনে করি, এটা সাংঘর্ষিক এবং দ্বিচারিতা। ফলে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করতে দেবে না দিল্লি এবং শেখ হাসিনাকেও সেখানে রাখবে না। বাংলাদেশের বিচারব্যবস্থার প্রতি তারা শ্রদ্ধাশীল হবে। ভারত সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং ওসমান হাদির খুনিদের ফেরত দেবে এই নিশ্চয়তা দিতে হবে।”
 
১৫ বছরে ভারত-বাংলাদেশ যে সম্পর্ক, সেটা পুনর্মূল্যায়ন করে নতুন সম্পর্ক স্থাপন করার বিষয়ে এনসিপি নেতা বলেন, “বিগত ১৫ বছরে ভারত-বাংলাদেশ যে সম্পর্ক, সেটা পুনর্মূল্যায়ন করে নতুন সম্পর্ক স্থাপন করতে হবে। এ বছর গঙ্গা চুক্তি শেষ হচ্ছে। আমরা যাতে পানির ন্যায্য হিসাব পাই,  সীমান্তে পুশইন ও সীমান্ত হত্যা যাতে বন্ধ হয়—ইত্যাদির ভিত্তিতে ভারতের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন সম্ভব।”
 
তিনি আরও বলেন, “ফলে এই বিষয়গুলো শুরু হওয়ার আগে, যেখানে শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে, সেখানে যদি আবার তারেক রহমান যায়, তাহলে এটার আসলে মিনিং কী? কী কী দাঁড়াবে? বাংলাদেশের জনগণ বা বিশ্ববাসী এটা কীভাবে দেখবে?”
 
নাহিদ ইসলাম বলেন, ‍‍“আমরা মনে করি, এটা শুধু তারেক রহমান হিসেবে না, বাংলাদেশের জন্য এটা একটা অবমাননাকর ঘটনা হবে। এবং বাংলাদেশ যে স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি বা সার্বভৌমত্বের জায়গায় স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না—এটাই মেসেজ যাবে।”
 

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button