News

শামা ওবায়েদের টিভি সাক্ষাৎকার দেখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেজে পোস্ট, নেটিজেনদের সমালোচনা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড পেজে নেটিজেনদের সমালোচনা© ঢাকা ডায়েরি সম্পাদিত
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকার মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করে সমালোচনার মুখে পড়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
 
সাক্ষাৎকারটি দেখতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পোস্ট দেওয়ার পরই এর পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। সমালোচনা শুরু হলে পোস্টটির কমেন্ট করার সুযোগ বন্ধ করে দেয় পেজটির অ্যাডমিন।
 
বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই পোস্ট দেওয়া হয়।
 
পোস্টে লেখা হয়, “পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম যমুনা টেলিভিশনের একটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারটির লিংক প্রথম কমেন্টে দেওয়া হলো।” পোস্টের কমেন্ট বক্সে যুক্ত করা হয় ওই ভিডিওর ‍লিংক।
 
সরকারের একটি দায়িত্বশীল ও কূটনৈতিক মন্ত্রণালয়ের পেজ থেকে এভাবে প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার শেয়ার করায় সমালোচনা শুরু করে নেটিজেনরা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন পেশাদারিত্ব নিয়েও।
 
ওই পোস্টের কমেন্ট বক্সে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লিখেছেন, “একটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড পেইজ থেকে কি পোস্ট করা উচিত সেই বিষয়ে আপনাদের মিনিমাম কমনসেন্স থাকা দরকার।”
 
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের লিখেছেন “এইটা নাকি একটা মন্ত্রণালয়ের ভ্যারিফাইড পেজ! ননসেন্স দিয়ে মন্ত্রণালয় চালায়।”
 
আল ওয়ারেস নাইম নামের একজন সমালোচনা করে লিখেছেন, “একটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজ রাষ্ট্রের কূটনৈতিক অবস্থান, পররাষ্ট্রনীতি ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় তথ্য জনগণের সামনে তুলে ধরবে এটাই প্রত্যাশিত। কিন্তু মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজকে যদি টেলিভিশন সাক্ষাৎকারের প্রচারণার প্ল্যাটফর্মে পরিণত করা হয়, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এটি কি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যোগাযোগ কৌশল, নাকি ব্যক্তিকেন্দ্রিক প্রচারণা?”
 
তিনি লেখেন, সরকারি প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া কোনো ব্যক্তির মিডিয়া উপস্থিতি বাড়ানোর জায়গা হওয়া উচিত নয়। এখানে প্রয়োজন প্রাতিষ্ঠানিক, তথ্যভিত্তিক ও কূটনৈতিক যোগাযোগ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পেজে রাষ্ট্রের মর্যাদা ও প্রাতিষ্ঠানিক মানদণ্ড দুটিই অগ্রাধিকার পাওয়া উচিত।”
 
এছাড়াও জোবায়ের সাকিব নামের একজন লিখেছেন,“এটা কি দলীয় পেইজ? এই পেইজকে বিশ্ব অনুসরণ করবে, বাংলাদেশ কি বার্তা দিচ্ছে।”

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button