সরকারের নতুন দায়িত্বে মীর শাহে আলম

দেশের জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম—এই তিন জেলার সমন্বয় ও তদারকির দায়িত্ব পেয়েছেন মীর শাহে আলম।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিগত সরকারের সময়ে জেলাভিত্তিক বরাদ্দকৃত উন্নয়ন তহবিলের অর্থ দুর্নীতির মাধ্যমে লুটপাট ও পাচার হয়েছে, যার একটি অংশ মাদকসহ সামাজিক অবক্ষয় ও নিরাপত্তার জন্য ক্ষতিকর কাজে ব্যবহৃত হয়েছে। এ পরিস্থিতিতে সুশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনপ্রতিষ্ঠার লক্ষ্যেই সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ ও কার্যপ্রণালি বিধিমালা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট জেলাগুলোতে সরকারি দপ্তরগুলোর কার্যক্রম তদারকি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধে পরামর্শ দেবেন।
একই সঙ্গে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন ও উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ করবেন তারা। প্রয়োজনে দায়িত্বপ্রাপ্তরা জেলা পর্যায়ের বিভিন্ন প্রশাসনিক ও তদারকি সভায় অংশ নিয়ে দিকনির্দেশনা প্রদান করতে পারবেন।
source: The Daily Campus