News

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশু প্রাণ হারিয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে এক হাজার ২৫৬ জন।

সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শুধু ঢাকা বিভাগেই ৫ জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে হামের উপসর্গে আরও একজনের প্রাণহানি হয়েছে।

গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯৭৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮৭৪ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও এক হাজার ১৬২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট এক লাখ ৫৭ হাজার ৯৯১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৯ হাজার ৩১২ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট এক লাখ ৩৮ হাজার ৪৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে এক লাখ ৩৩ হাজার ৪০৪ জন ছাড়পত্র পেয়েছেন।

source: Asia Post

Leave a Reply

Back to top button