News

বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠক, যুবলীগের ৪ কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সদর থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদের ফতুল্লার লালপুর পৌষা পুকুরপাড় এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফতুল্লার লালপুর এলাকার ছানাউল্লার বাড়ির ভাড়াটিয়া জব্বার শিকদারের ছেলে মো. রাকিব (২৫), একই এলাকার নাঈম মিয়ার ভাড়াটিয়া মো. জলিলের ছেলে মো. নিশাদ (২৩), পৌষা পুকুরপাড় এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মিঠুর ছেলে রাফি (১৯) ও সুরুজ মিয়ার ছেলে আরিফ (২৬)।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাতে লালপুর পৌষা পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে যুবলীগের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এ ছাড়া তাদের মোবাইল ফোনে বিভিন্ন স্থানে সরকারবিরোধী মিছিলে তাদের উপস্থিতির ভিডিও পাওয়া গেছে। একই সঙ্গে দেশের বাইরে এবং দেশের অভ্যন্তরে আত্মগোপণ করে থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গ্রুপ চ্যাটিংয়ের প্রমাণ পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতা নুর মোহাম্মদের ছোট ভাই মুন্না যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। গ্রেপ্তার ব্যক্তিরা এই বাড়িতে প্রায় সময়ই মিলিত হতেন। মুন্নার নেতৃত্বে সরকারবিরোধী ঝটিকা মিছিল করত। ওই বাসাতেই কয়েক দিন আগে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ছবি ফেসবুকে আপলোডও করা হয়েছিল।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button