পে-স্কেলের খসড়া প্রেসে

নবম জাতীয় পে-স্কেলের খসড়া বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখান থেকে অর্থ মন্ত্রণালয় এবং পরে আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে সরকারি আদেশ বা এসআরও নম্বর দিয়ে তা প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আমরা গতকালই পে-স্কেলের খসড়া বিজি প্রেসে পাঠিয়েছি। এখন সেখান থেকে এটি অর্থ মন্ত্রণালয়ে যাবে। সেখান থেকে আইন মন্ত্রণালয়ে ভেটিং হয়ে আনুষ্ঠানিকভাবে এসআরও নম্বর পেয়ে প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব পে-স্কেলের গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের ক্ষেত্রে আমরা কোনো বিলম্ব করতে চাই না।
শুধু প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে যতটুকু সময় লাগছে।
নতুন পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের সংস্থান নিয়েও সরকারের মধ্যে প্রস্তুতি চলছে। মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি জানিয়েছেন, নতুন পে-স্কেলের জন্য প্রয়োজনীয় অর্থ মধ্যমেয়াদি বাজেট পরিকল্পনায় (এমটিবিএফ) বিবেচনায় রাখা হয়েছিল। ফলে এটি সরকারের জন্য হঠাৎ তৈরি হওয়া কোনো ব্যয় নয়।
তিনি বলেন, সরকার প্রতিবছর শুধু এক বছরের বাজেট করে না; বরং আগামী কয়েক বছরের সম্ভাব্য আয়-ব্যয়ের একটি আগাম হিসাবও করে। নতুন পে-স্কেলের সম্ভাব্য ব্যয়ও সেই পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনায় ছিল।
source: The Daily Campus