News

হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

রাজধানীর ঐতিহ্যবাহী হলিক্রস কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক অনিমেষ সাহার বিরুদ্ধে একাদশ শ্রেণির এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, গর্ভধারণ এবং পরবর্তীতে জোরপূর্বক গর্ভপাত করানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ছাত্রী বিয়ের তাগিদ দিলে তিনি অস্বীকৃতি জানান, যার পর এ ঘটনা প্রকাশ্যে আসে।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর চরম ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে, যেখানে বিবাহিত ছাত্রীদের ভর্তি না নেওয়া বা পড়াশোনাকালে বিয়ে হলে বহিষ্কারের মতো কঠোর নীতি অনুসরণ করা হয়, সেখানে এমন শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পর প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নীরবতা ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকেরা।

এই ন্যাক্কারজনক ঘটনার পর কলেজটির অনেক প্রাক্তন শিক্ষার্থীও মুখ খুলতে শুরু করেছেন। অভিযোগে জানা গেছে, অনিমেষ সাহা দীর্ঘদিন ধরে ক্লাসরুম ও প্রাইভেট টিউশনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যৌন ইঙ্গিতপূর্ণ কৌতুক ও অসংবেদনশীল আচরণ করে আসছিলেন। এক প্রাক্তন শিক্ষার্থীর দাবি, প্রায় ২০ বছর আগেও তিনি এই শিক্ষকের অসদাচরণের শিকার হয়েছিলেন, কিন্তু তখন কোনো প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।

ভিক্টিম ছাত্রী ও প্রাক্তনীরা জানান, এতদিন ভয়ে বা সামাজিক লজ্জায় শিক্ষার্থীরা চুপ থাকলেও এবার ঘটনা প্রকাশ পাায় বিষয়টি সামনে আসে। ভুক্তভোগীদের দাবি, অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে পদচ্যুত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর আইনি শাস্তির আওতায় আনতে হবে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button