News

হামলার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যে ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে মজুদকৃত যন্ত্রাংশ ব্যবহার করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু করেছে ইরান। বিষয়টি সম্পর্কে অবগত যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তারা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তাদের কয়েকজন দাবি করেন, যুদ্ধের শুরুর দিকে ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও শিল্প স্থাপনাগুলোর ওপর ব্যাপক হামলার শিকার হওয়া সত্ত্বেও তেহরান তরল-জ্বালানিচালিত এবং কঠিন জ্বালানিচালিত উভয় ধরনের ক্ষেপণাস্ত্র সংযোজনের কাজ চালিয়ে যাচ্ছে।

কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যে দক্ষিণ-পূর্ব ইরানের খোজির ক্ষেপণাস্ত্র স্থাপনাসহ বেশ কয়েকটি ভূগর্ভস্থ কেন্দ্রে এ ধরনের কার্যক্রমের ইঙ্গিত পাওয়া গেছে। পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী, পুনরায় হামলার ঝুঁকি এড়াতে ইরান নতুন নতুন ভূগর্ভস্থ সংযোজন কেন্দ্র গড়ে তোলারও চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক কর্মকর্তাদের মতে, এখন পর্যন্ত ইরান মূলত বিদ্যমান যন্ত্রাংশ ব্যবহার করে নতুন ক্ষেপণাস্ত্র জোড়া লাগানোর (অ্যাসেম্বলিং) কাজ করছে এবং যুদ্ধের আগের তুলনায় তা অনেক কম পরিমাণে হচ্ছে। ক্ষেপণাস্ত্র ও এর যন্ত্রাংশ তৈরির জন্য প্রয়োজনীয় বেশ কিছু শিল্প স্থাপনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়া নৌ-অবরোধের কারণে যন্ত্রাংশ এবং কঠিন জ্বালানি তৈরির কাঁচামাল আমদানি করাও কঠিন হয়ে পড়েছে।

উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হওয়ার বিষয়টি তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতাকেই তুলে ধরেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ‘মিসাইল ডিফেন্স অ্যাডভোকেসি অ্যালায়েন্স’-এর জ্যেষ্ঠ বিশ্লেষক তাল ইনবার বলেন, যখন স্থাপনাগুলোতে কোনো বোমা হামলা হয় না, তখন ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত করা যায় এবং অন্য দেশ থেকে নতুন যন্ত্রাংশ কিনে সেসব স্থাপনায় মজুদ করা সম্ভব হয়। ইরান তার ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা পুনর্গঠন করছে না, এমনটা ভাবা হবে চরম বোকামি।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা তেহরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন পুনরায় শুরু করেছে কি না, সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে তিনি জানান, তেহরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে এবং তাদের সামরিক শক্তি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। ওই কর্মকর্তা বলেন, ইরান এখন আগের যেকোনো সময়ের চেয়ে দুর্বল এবং প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবেন না।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানান, যুক্তরাষ্ট্র ইরানের ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও নৌ-শিল্প কাঠামোর ৯০ শতাংশ পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। এতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের ক্ষেত্রে ইরানের সক্ষমতা আগের চেয়ে কমে এসেছে বলে দাবি করন তিনি।

সূত্র: রয়টার্স।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button