News

হাসিনা আমলে ভারতের সঙ্গে হওয়া ১০১ চুক্তি পর্যালোচনার খবর, ব্যবস্থা নেওয়ার কথা জানাল দিল্লি

ভারত-বাংলাদেশের পতাকা© দ্য ঢাকা ডায়েরি

বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি বর্তমান সরকার পর্যালোচনা করছে। এ বিষয়ে সম্প্রতি প্রকাশিত সংবাদে ভারতের সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর হয়েছে। এ প্রেক্ষিতে নিজেদের স্বার্থ রক্ষায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 

গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

জানা যায়, সংবাদ সম্মেলন চলাকালে দেশটির সংবাদ সংস্থা এএনআইয়ের এক সাংবাদিক জানতে চান, বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার শেখ হাসিনা আমলে ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে কিছু জানানো হয়েছে কিনা। 

তখন জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “আমরা এ বিষয়ে কিছু গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি, তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের এখনো কিছু জানানো হয়নি। স্বাভাবিকভাবেই, ভারত তার নিজস্ব স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।”

এর আগে, গত ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছিলেন, “ভারতের সঙ্গে স্বাক্ষরিত আগের সব চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করে দেখা হচ্ছে। খুব শিগগিরই এর ফলাফল জানা যাবে।”

চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের মতো বিষয়গুলো এসব চুক্তির আওতায় রয়েছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি সেদিন বলেছিলেন, “সব চুক্তির সুবিধাদি ও শর্তাবলি বর্তমানে সরকারের নিবিড় পর্যালোচনায় রয়েছে এবং প্রয়োজনে এগুলো বাতিলের বিষয়েও সিদ্ধান্ত হতে পারে।”

এরপর ১৩ সেপ্টেম্বর এ বিষয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদেরকে বলেন, “এসব স্মারক ও চুক্তি জাতীয় সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে ও পর্যালোচনা করা হচ্ছে।”

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button