আওয়ামী সম্পৃক্ততার অভিযোগে ২০ দিনের মাথায় গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার

সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার নানা পোস্ট ও অভিযোগ ছড়িয়ে পড়ার পর ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নিয়ামত উল্ল্যাকে মাত্র ২০ দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে। প্রথমে তাঁকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হলেও পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, গত ১ সেপ্টেম্বর গৌরীপুরের এসিল্যান্ড হিসেবে যোগ দেওয়া নিয়ামত উল্ল্যার বিরুদ্ধে ছাত্রজীবনের রাজনৈতিক কর্মকাণ্ড, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং ছদ্মনামে অনলাইনে লেখালেখি নিয়ে ফেসবুকে নানা অভিযোগ ওঠে। এসব তথ্য প্রশাসনের উচ্চপর্যায়ের নজরে আসার পরপরই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ জারি করা হয়।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন ও ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ফেসবুকে নিয়ামত উল্ল্যার নিষিদ্ধ দলটির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ সংক্রান্ত তথ্যসমূহ কর্তৃপক্ষের নজরে আসার পর জনস্বার্থে এই বদলির আদেশ দেওয়া হয়েছে। তবে অভিযোগের স্বাধীন সত্যতা বা প্রশাসনিক সিদ্ধান্তের বিস্তারিত বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
তবে নিজের বিরুদ্ধে ওঠা আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন নিয়ামত উল্ল্যা। তিনি জানান, চাকরিজীবনে তিনি নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালন করেছেন এবং টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সময় খাবার ব্যবস্থাপনার দায়িত্বও সামলেছেন। গত সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে গৌরীপুরের কর্মস্থল ত্যাগ করেন ২০২১ সালে সরকারি চাকরিতে যোগ দেওয়া এই কর্মকর্তা।
source: Azadir Dak