News

ইকবাল স্কলারশিপে পাকিস্তানে পড়তে গেলেন ৪২ বাংলাদেশি

‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’-এর দ্বিতীয় পর্যায়ের আওতায় উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাকিস্তানে রওয়ানা হয়েছে ৪২ জন বাংলাদেশি শিক্ষার্থীর একটি দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শিক্ষার্থীদের এই প্রথম দলটিকে সশরীরে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

এই মর্যাদাপূর্ণ বৃত্তি কর্মসূচির দ্বিতীয় ধাপের অধীনে নির্বাচিত শিক্ষার্থীরা পাকিস্তানের শীর্ষস্থানীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়ন করবেন। সম্পূর্ণ অর্থায়িত এই ‘আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপ’-এর আওতায় শিক্ষার্থীদের যাবতীয় পড়াশোনা ও আবাসন খরচ বহন করা হবে।

এর আগে, গত বছর নলেজ করিডোর কর্মসূচির প্রথম ধাপের সফল বাস্তবায়নে ৭৪ জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে তাঁদের পড়াশোনা শুরু করেছিলেন।

শিক্ষার্থীদের বিদায়লগ্নে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তাঁদের শুভকামনা জানান এবং নতুন শিক্ষাজীবনে সাফল্য কামনা করেন। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এই তরুণ মেধাবীরা অর্জিত জ্ঞান দিয়ে নিজ দেশের সমৃদ্ধিতে অবদান রাখার পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সেতুবন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button