News

বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের ১১ দফা নিরাপত্তা নির্দেশনা

বাংলাদেশের একটি বিদ্যুৎকেন্দ্র বা বিদ্যুৎ উপকেন্দ্রের দৃশ্য© সংগৃহীত

দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে সব বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প, ভাণ্ডারসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এসব স্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১১ দফা নির্দেশনা জারি করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) বিপিডিবির নিরাপত্তা ও অনুসন্ধান পরিদপ্তরের পরিচালক বেগ নাসির জাহানের সই করা এক সার্কুলারে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে বোর্ডের আওতাধীন স্থাপনাগুলোর বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করার পাশাপাশি আগে জারি করা নিরাপত্তা নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম, উপকেন্দ্র, সুইচইয়ার্ড ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। নির্ধারিত সময়ে দায়িত্ব পালনকারী কর্মচারী ছাড়া অন্য কাউকে এসব সংবেদনশীল স্থানে প্রবেশের সুযোগ দেওয়া যাবে না। অতিথিদের প্রবেশের ক্ষেত্রে বডি মেটাল ডিটেক্টরসহ প্রয়োজনীয় যন্ত্রের মাধ্যমে তল্লাশি ও পরিচয় যাচাই করতে হবে। দায়িত্বশীল কর্মকর্তার তদারকিতে অনুমতি দেওয়া হলেও মূল কেপিআইভুক্ত স্থাপনায় বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। অনুমোদিত দর্শনার্থীদের ক্ষেত্রে ভিজিটর কার্ড ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য স্থাপনার আশপাশে অপরিচিত ব্যক্তির সন্দেহজনক উপস্থিতি নজরে এলে তা খতিয়ে দেখতে হবে। এ ধরনের কোনো তৎপরতা শনাক্ত হলে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখা এবং ধারণ করা ভিডিও সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। কর্মস্থলে অবস্থান ও যাতায়াতের সময় প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে দৃশ্যমান স্থানে পরিচয়পত্র রাখতে হবে।

দর্শনার্থীদের প্রবেশের আগে তাদের নাম, পূর্ণ ঠিকানা, কার সঙ্গে দেখা করবেন, কী প্রয়োজনে এসেছেন এবং সংশ্লিষ্ট দপ্তরের অনুমতিসংক্রান্ত তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের সীমানাপ্রাচীর-সংলগ্ন এলাকার ঝোপঝাড় পরিষ্কার এবং ওয়াচ টাওয়ারগুলোতে নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যুৎকেন্দ্র, সুইচইয়ার্ড, ভাণ্ডার ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাগ কিংবা অন্য কোনো সামগ্রী নিয়ে প্রবেশের সময় যথাযথ তল্লাশি করতে হবে। একই সঙ্গে এসব এলাকায় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বাতি সার্বক্ষণিক সচল রাখার কথাও বলা হয়েছে।

নির্দেশনায় দাপ্তরিক সময়ের পর, বিশেষ করে রাতে নিরাপত্তা টহল বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। টহল ও তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম নির্ধারিত রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। পরদিন নিয়ন্ত্রণকারী কর্মকর্তার প্রতিস্বাক্ষর নেওয়ার নিয়মও যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

সবশেষে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে সমন্বিতভাবে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। বিদ্যুৎ স্থাপনা এলাকায় অপরিচিত কারও সন্দেহজনক চলাফেরা দেখা গেলে তাৎক্ষণিকভাবে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর নির্দেশনাও রয়েছে।

বিপিডিবির এই নির্দেশনার পাশাপাশি বিদ্যুৎ খাতের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়েও সতর্কতা জারি করেছে বিদ্যুৎ বিভাগ।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button