গুপ্ত বাহিনীর সদস্যরা নারীদের ওপর অত্যাচার চালাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,“বিরোধীদল ১২ ফেব্রুয়ারি নির্বাচনে মানুষকে বিভ্রান্ত করে কিছু সংসদীয় আসনে বিজয়ী হয়েছে। এরপর থেকেই তারা ধরাকে সরা জ্ঞান করছে। ১৯৭১ সালের মতোই তারা আবার নারী নির্যাতন শুরু করেছে। তাদের গুপ্ত বাহিনীর সদস্যরা নারীদের ওপর অত্যাচার চালাচ্ছে। বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে, তাই তদন্তাধীন বিষয় নিয়ে আমি সরাসরি মন্তব্য করতে চাই না; তবে মানুষ বলছে, তারা কেবল নির্যাতন করেই ক্ষান্ত হয়নি, একটি মানুষের জীবনপ্রদীপও নিভিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন,“এই দেশের মানুষ যখন বিএনপিকে দায়িত্ব দিয়েছে, বিএনপি তার সর্বশক্তিতে নিশ্চিত করবে দেশে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য। বিগত বছরগুলোতে আইনের শাসনকে ধূলিসাৎ করা হয়েছিল। আমরা সেই পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে দেশে ধীরে ধীরে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। আমরা খেয়াল করছি কিছু কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে অরাজকতা তৈরি করার চেষ্টা করছে।
তিনি বলেন,“ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন কিংবা কল-কারখানা পুনরায় চালু করার কাজে যদি বিঘ্ন ঘটে তাহলে দেশের মানুষের ক্ষতি হবে। অথচ কিছু রাজনৈতিক দল দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা করছে। ১৯৭১ সালে যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছিল, তাদের কী ভূমিকা ছিল তা আমরা দেখেছি। আমরা দেখেছি তারা সে সময় কীভাবে বিভিন্ন অন্যায় করেছিল, কীভাবে মা-বোনদের হয়রানি ও নির্যাতন করেছিল।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন এবং সংসদ সদস্য রেহানা আক্তার রানু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পর ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
source: The Dhaka Diary