News

জামায়াত যা পারেনি, প্রধানমন্ত্রী তা পেরেছেন: অ্যাটর্নি জেনারেল

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মিষ্টির পদত্যাগ এবং দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কারের ঘটনার মধ্যে তুলনা টেনে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘জামায়াত না পারলেও প্রধানমন্ত্রী তারেক রহমান পেরেছেন। এখানে ম্যাসেজ একদম ক্লিয়ার।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী দল থেকে বহিষ্কার করেছে। শুধু দল থেকে বহিষ্কারের কারণে তার সংসদ সদস্য পদ শূন্য হয়নি।

অন্যদিকে ফেরদৌসী আহমেদ মিষ্টি প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী যে অবস্থান নিয়েছেন, তাতে নিজ দলীয় একজন সংসদ সদস্য তার পদ হারালেন। এটা একটা বিরাট ব্যাপার।’

তিনি বলেন, ‘রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনায় শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক শৃঙ্খলা ছাড়া একটি দেশে সামগ্রিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা কঠিন। রাষ্ট্রের দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে প্রায়ই অভিযোগ থাকে, তারা নিজেদের দলের লোকজনের কোনো অপরাধ আড়াল করেন কিংবা তাদের প্রশ্রয় দেন। মিষ্টির পদত্যাগ এ ধরনের প্রশ্রয় না দেওয়ার একটি বার্তা পাওয়া গেছে।’

রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আপনি যত ভালো কাজই করেন না কেন, আপনার একটা খারাপ কাজ আপনার অনেক ভালো অর্জনকে ম্লান করে দিতে পারে। আমার ধারণা, প্রধানমন্ত্রী চাচ্ছেন না যে তার এত অর্জনের মধ্যে কেউ কোনো কিছু দিয়ে ম্লান করার সুযোগ পাক। ইটস এ ভেরি ক্লিয়ার মেসেজ।’

মিষ্টির পদত্যাগ শুধু একটি দলের নেতাকর্মীদের জন্য নয়, সাধারণ নাগরিকদের জন্যও একটি বার্তা উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘রাষ্ট্রের ক্ষতি হয় এমন কর্মকাণ্ডে কেউ জড়ালে সংশ্লিষ্ট ব্যক্তিকে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে।’

source: Barta Bazar

Leave a Reply

Back to top button