মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

কুয়ালালামপুর থেকে আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে ৪ দশমিক ৫ কেজি (সাড়ে ৪ কেজি) ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। আটককৃত যাত্রীর নাম ইয়াং ডন সিউ (৪৩), যিনি একজন মালয়েশিয়ার নাগরিক। উদ্ধারকৃত ২৪ ক্যারেট বিশুদ্ধতার এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।
গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের কুয়ালালামপুর হতে ঢাকায় আগমনকারী ফ্লাইট নম্বর- এম এইচ ০১৯৬ যোগে আগত যাত্রী মালয়েশিয়ার নাগরিক মি. ইয়াং ডন সিউ (পাসপোর্ট নম্বর- এ৬১৮২৮০৮২) এর নিকট হতে প্রতিটি এক কিলোগ্রাম ওজনের ৪টি এবং ১০০ গ্রাম ওজনের ৫টিসহ মোট ৯টি স্বর্ণেরবার ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ কর্তৃক উদ্ধার করে।
উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন সাড়ে ৪ কিলোগ্রাম। ফ্লাইটটি ঢাকায় অবতরণ করলে বিমান হতে নামার পরে সন্দেহভাজন উক্ত যাত্রীকে নজরদারিতে রাখা হয়। যাত্রীগণ বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করার পর গ্রিন চ্যানেল-১ অতিক্রমকালে উক্ত যাত্রীকে আলাদা করে গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তল্লাশিকালে তার শরীরে বিশেষভাবে বহনকৃত উল্লিখিত পরিমাণ স্বর্ণবারের অস্তিত্ব পাওয়া যায় এবং আনুমানিক রাত ১.৪৫ মিনিটে উক্ত যাত্রীর শরীর থেকে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।
স্বর্ণের বারগুলো অভিনবকায়দায় একটি কালো কাপড়ের বেল্টে মোড়ানো অবস্থায় যাত্রীর শার্টের নিচে লুকানো অবস্থায় পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণবারগুলোর মান ২৪ ক্যারেট। যার মূল্য আনুমানিক প্রায় ৮ কোটি টাকা। উক্ত যাত্রী কোন প্রকার ব্যাগেজ ঘোষণা প্রদান করেননি এবং ‘কাস্টমস আইন ২০২৩’ ও ‘ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল এ্যাক্ট ১৯৪৭’ মোতাবেক উক্ত স্বর্ণের সংশ্লিষ্ট কোন নথি বা দলিলাদি দেখাতে পারেননি।
আইনি কার্যক্রমের জন্য ‘কাস্টমস আইন ২০২৩’ এর ধারা ১৯১ অনুয়ায়ী উক্ত স্বর্ণ সাময়িক আটক করা হয়েছে। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। কাস্টমস হাউস, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে অবৈধ স্বর্ণ চোরাচালান প্রতিরোধ এবং জাতীয় স্বার্থ সুরক্ষার জন্য নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
source: Daily Amar Desh