News

বাবার ১৭ ফ্ল্যাট, অথচ ৪ হাজার টাকার বাসায় থাকি, ভাইয়ের বিরুদ্ধে বোনের অভিযোগ

ভাইয়ের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখল, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত শাহজাহান খানের মেয়ে আয়শা আক্তার শিথিল। তার অভিযোগ, বাবার মৃত্যুর পর বড় ভাই মো. শিপলু খান রাজনৈতিক ও সামাজিক প্রভাব খাটিয়ে পৈতৃক সম্পত্তির অধিকাংশ এককভাবে ভোগদখল করছেন। ন্যায্য হিস্যা চাইতে গেলে তাদের ভয়ভীতি দেখানোসহ শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রোববার ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আয়শা আক্তার শিথিল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তাদের বাবা শাহজাহান খান ২০২২ সালের ৪ নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে পটুয়াখালীর বদরপুর এলাকায় হামলার শিকার হয়ে আহত হন। পরে ২৮ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে যান।

আয়শার দাবি, বাবার মৃত্যুর পর তার রেখে যাওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তির উত্তরাধিকারী তিন ভাই-বোন। কিন্তু বড় ভাই শিপলু খান ক্ষমতা ও প্রভাব খাটিয়ে এসব সম্পত্তি এককভাবে ভোগদখল করছেন। নিজেদের ন্যায্য হিস্যা চাইতে গেলে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এ ঘটনায় তার মা ২০২৪ সালের ৭ মে পটুয়াখালী সদর থানায় একটি অভিযোগ করেন। একই দিনে তিনি নিজেও একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পৈতৃক সম্পত্তিতে ন্যায্য অধিকার চেয়ে পটুয়াখালী পৌরসভায় আবেদন করা হয় বলেও জানান তিনি।

আয়শা বলেন, পটুয়াখালীর আদালতপাড়া এলাকায় তাদের বাবার প্রায় ১০ কাঠা জমির ওপর একটি বাড়ি, সদর রোডে ছয়তলা একটি হোটেল এবং সবুজবাগ এলাকায় একটি বহুতল ভবন রয়েছে। ওই ভবনে ১৯টি ফ্ল্যাট রয়েছে বলে দাবি করেন তিনি। এসব সম্পত্তি থেকে আয় হলেও তারা কোনো অংশ পাচ্ছেন না বলে অভিযোগ তার।

তিনি বলেন, ‘আমার আব্বার সবুজবাগে ১৭টি ফ্ল্যাট এবং আদালতপাড়ায় বাড়ি থাকা সত্ত্বেও আমি পটুয়াখালীতে ৪ হাজার টাকা ভাড়ার বাসায় থাকি। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে কোনোরকমে জীবনযাপন করছি।’

তার ছোট ভাই শাখিল খানও থাকার জায়গা না পেয়ে বর্তমানে ঢাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করছেন বলে জানান আয়শা।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তাদের বাবার ব্যবসায়িক ঋণের একটি অংশ এখনো পরিশোধ হয়নি। এ কারণে পূবালী ব্যাংক পিএলসি, পটুয়াখালী শাখা ২০২৬ সালের ১২ জানুয়ারি একটি নিলাম বিজ্ঞপ্তি দেয়। পরে তিনি ব্যাংকে আবেদন করে নিলাম প্রক্রিয়া স্থগিত করেন বলে দাবি করেন। তার অভিযোগ, সম্পত্তি নিলামে তুলে তা নিজেদের নামে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এ সময় শিপলু খানের বিরুদ্ধে মাদক ব্যবসা, দখল, চাঁদাবাজি এবং রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগও করেন আয়শা। তবে এসব অভিযোগের বিষয়ে শিপলু খানের বক্তব্য পাওয়া যায়নি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আয়শা আক্তার শিথিল বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগের আমলে আমার ভাইয়ের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সখ্যতা ছিল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের সব সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। এখনো বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘চার বছর ধরে আমাকে বাসায় ঢুকতে দেওয়া হয় না। সব সম্পত্তি সে একাই ভোগদখল করছে। আমরা সঠিক বিচারটাই চাই।’

সংবাদ সম্মেলনে আয়শা বলেন, ‘আমরা শহীদ শাহজাহান খানের তিন সন্তান। অথচ শুধু আমার বড় ভাই বাবার রাজনৈতিক ও সামাজিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন সুবিধা ভোগ করছেন। আমরা আমাদের ন্যায্য পৈতৃক সম্পত্তি চাই।’

তিনি অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানান।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button