News

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু।

সোমবার (৫ অক্টোবর) দেশটির অর্থনৈতিক কেন্দ্র লাগোসে একটি রুটিন মিশনে যাওয়ার সময় বিমানটি অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় বিধ্বস্ত হয়।

নাইজেরিয়ার এভিয়েশন বিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো জানান, স্থানীয় সময় সকাল ৯টার দিকে উড্ডয়নের পর বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এডো প্রদেশ থেকে লাগোস যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়।

একটি নৌঘাঁটির কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার পরপরই অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে দেশটির বিমানবাহিনী।

বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল এটিআর-৪২ মডেলের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারী দলের সদস্যরা নৌকায় করে দুর্ঘটনাস্থলে অভিযান চালাচ্ছেন। এ সময় ঘটনাস্থলের আশপাশে উৎসুক মানুষের ভিড়ও দেখা যায়।

স্থানীয় এক ব্যক্তি জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় কয়েকটি গাছ ভেঙে পড়ে। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনের দেহাবশেষ, পোশাক ও জুতা পাওয়া গেছে।

সূত্র: ডয়চে ভেলে

source: Barta Bazar

Leave a Reply

Back to top button