News

আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূলহোতা বিশু মন্ডলের সহযোগী ও মানব পাচার মামলার এজাহারনামীয় পলাতক আসামি রঞ্জন মন্ডলকে (৫৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৬।

সোমবার (৫ অক্টোবর) আনুমানিক রাত ৭টা ২৫ মিনিটে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর বাজারসংলগ্ন গোলক রায়ের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

অভিযোগের বরাতে এসআরবি জানায়, রঞ্জন মন্ডল আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূলহোতা বিশু মন্ডলের সহযোগিতায় সবুজ মুন্সি নামে এক ব্যক্তিকে ইতালি পাঠানোর কথা বলে তার কাছ থেকে প্রথমে ১০ লাখ টাকা ও পাসপোর্ট নেয়। পরে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লিবিয়ায় পাঠানো হলেও বৈধ ভিসা না দিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হয়।

এ সময় ভুক্তভোগীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে তার পরিবারের সদস্যদের ভিডিও কলের মাধ্যমে দেখানো এবং হত্যার ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে ইসলামী ব্যাংকের মাধ্যমে মোট ৪৬ লাখ ৩০ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও দেখুন: প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 

পরে লিবিয়া পুলিশ সবুজ মুন্সিকে গ্রেপ্তার করে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে পাঠায়। এ ঘটনায় তার ভাই বাহারুল ইসলাম সজিব বাদী হয়ে গোপালগঞ্জের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন ট্রাইব্যুনালে নালিশি অভিযোগ করেন। ট্রাইব্যুনালের নির্দেশে মুকসুদপুর থানায় বিশু মন্ডল, রঞ্জন মন্ডলসহ অন্যদের বিরুদ্ধে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাহারুল ইসলাম সজিবের অভিযোগের ভিত্তিতে মুকসুদপুর থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button