News

সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে বাতিল ৫ ফ্লাইট

সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবগামী মোট পাঁচটি ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা–রিয়াদ রুটের বিজি ৩৩৯ ফ্লাইট রয়েছে। এ ছাড়া সৌদি আরবের বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইটও বাতিল হয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সৌদিয়া এয়ারলাইনসের এসভি ৮০৪, এসভি ৮০৫, এসভি ৮০৬ ও এসভি ৮০৭ রয়েছে। এ ছাড়া আরএক্স ৭৬৩ ও আরএক্স ৭৬৪ ফ্লাইট বাতিলের তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ কারণে ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়। এসব ফ্লাইটে টিকিট বুকিং করা যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

এদিকে, শনিবার ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ৩৮১ ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যে যেতে না পেরে অন্যত্র অবতরণ করে। ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর কথা ছিল শনিবার বেলা ৩টা ১০ মিনিটে। তবে শেষ পর্যন্ত এটি রাত ৩টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করে।

ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী ফ্লাইটগুলো অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল ও সময়সূচি পরিবর্তনে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও নতুন সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button