News

সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। হতাহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য জানতে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদের বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

রবিবার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জা‌নিয়েছে।

বিবৃতিতে বলা হয়, শ‌নিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথিদের চালানো প্রাণঘাতী হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি। আহত অনেকের অবস্থা গুরুতর। বাংলাদেশ এই হামলার ‘দ্ব্যর্থহীন ভাষায় তীব্র নিন্দা’ জানিয়েছে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাই এর উদ্দেশ্য বলে জানানো হয়েছে।

বিবৃতিতে নিহত বাংলাদেশিদের পরিবারসহ সব শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়। 

এতে আরও বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামোয় আঘাত হানা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে মনে করে বাংলাদেশ।

সৌদি আরব সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি দৃঢ় সংহতিও প্রকাশ করেছে  বাংলা‌দেশ। পাশাপা‌শি অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।  

source: The Daily Campus

Leave a Reply

Back to top button