News

‘আ.লীগ নেতাকর্মীদের কষ্ট দিলে দাঁতভাঙা জবাব দেব’, বিএনপি নেতার ভিডিও ভাইরাল

নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমানের একটি মন্তব্য ঘিরে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চাচাতো ভাইয়ের ছেলে হানিফের পক্ষে ভোট চাইতে গিয়ে প্রকাশ্যে আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের সহযোগিতা প্রার্থনা এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হুশিয়ারি প্রদান করেন তিনি।

গত শনিবার (১০ অক্টোবর) বিকেলে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনি প্রচারণায় দেওয়া খলিলুর রহমানের এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, স্থানীয় নির্বাচনে হানিফের বিজয়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও এনসিপির নেতাকর্মীরা যেন প্রকাশ্যে সহযোগিতা করেন।

ভিডিও বক্তব্যে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন, কোনো বিএনপি বা পুলিশ কর্মকর্তা তাঁদের কোনো ধরনের কষ্ট বা হয়রানি করলে তিনি নিজেই তাঁর দাঁতভাঙা জবাব দেবেন। এ সময় রৌহা ইউনিয়নে সম্প্রতি দায়ের হওয়া মামলা এবং পুলিশি উপস্থিতির প্রসঙ্গেও নানা বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় এই বিএনপি নেতাকে।

দলের দায়িত্বশীল পদের নেতার কাছ থেকে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের প্রতি প্রকাশ্য সমর্থন এবং নিজ দলের নেতাকর্মীদের হুমকি দেওয়ার ঘটনায় তৃণমূলের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। ঘটনাটি নিয়ে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু জানান, এটি তাঁর ব্যক্তিগত বক্তব্য এবং কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়। তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী ভিডিওটি সম্পর্কে বিস্তারিত না জানার কথা জানিয়েছেন।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button