News

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

আহতদের মধ্যে ১১ জন কর্মী ও ১৩ জন ওমরাহ যাত্রী।© সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ বাংলাদেশি। তাদের মধ্যে ১১ জন প্রবাসী কর্মী এবং ১৩ জন ওমরাহ যাত্রী।

রবিবার (১১ অক্টোবর) রাতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় হামলায় বিভিন্ন দেশের যাত্রী হতাহত হন। প্রাথমিক হিসাবে, হামলায় মোট ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন।

আহত বাংলাদেশিদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে তিনজন কিং আব্দুল্লাহ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তারা হলেন ঢাকার হাফেজ হাসান, ব্রাহ্মণবাড়িয়ার কাজী নুরুল্লাহ এবং সৌদি আরবে কর্মরত মো. ওমর ফারুক। দূতাবাস জানিয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল।

অন্য আহত বাংলাদেশিরা ন্যাশনাল গার্ড হাসপাতাল, রিয়াদ মেডিক্যাল হাসপাতাল ও প্রিন্স সুলতান মিলিটারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দূতাবাসের কর্মকর্তারা তাদের চিকিৎসার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন।

দূতাবাসের তথ্য অনুযায়ী, আহত বাংলাদেশিরা রিয়াদ থেকে জেদ্দাগামী ফ্লাইটের অপেক্ষায় বিমানবন্দরে ট্রানজিট যাত্রী হিসেবে অবস্থান করছিলেন।

এর আগে হামলার ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যুর খবর জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। নিহত ব্যক্তিদের একজন মো. শাহেদ আহমেদ, যার বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। তিনি সৌদি আরবে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে প্লাম্বার হিসেবে কাজ করতেন। অন্যজন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মো. নাসরুল্লাহ বদরপুরী। তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন।

বাংলাদেশ দূতাবাস আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টি সংশ্লিষ্ট হাসপাতালগুলোর সঙ্গে সমন্বয় করে দেখছে।

তথ্যসূত্র: বাসস

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button