News

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব চায় দুদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রাথমিক অনুসন্ধানে নুরুল ইসলাম নাহিদের নামে এক কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকা এবং তার স্ত্রীর নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে।

সোমবার (১২ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদক জানায়, নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রীর নামে-বেনামে অর্জিত প্রকৃত সম্পদের পরিমাণ, সম্পদ অর্জনের পদ্ধতি এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রকৃত পরিমাণ উদঘাটনের জন্য অনুসন্ধান দল দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সংসদ সদস্য শামিম শাহ নেওয়াজ ও অন্যদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ বিধি অনুযায়ী অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এছাড়া প্রায় ৭৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ২০ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন ও তার স্ত্রী নাজিয়া হাসান ডালিয়ার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

দুদক সূত্রে জানা যায়, স্বামীর সহযোগিতায় নাজিয়া হাসান ডালিয়া ৭৬ লাখ ৬৩ হাজার ৪৩৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে নাজিয়া হাসান ডালিয়া ও তার স্বামী মো. শাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং দণ্ডবিধি অনুযায়ী মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button