News

ইসরায়েলে ইন্টেলের কারখানায় বিস্ফোরণ, নিহত ১

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর কিরিয়াত গাতে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ইন্টেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণে এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে কারখানাটিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। খবর টাইমস অব ইসরায়েলের।

বিস্ফোরণের সময় দক্ষিণাঞ্চলীয় শহরটি সফর করছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ঘটনাটির সঙ্গে কোনো হামলা বা শত্রুতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতার সন্দেহ পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। এ কাজে বিপজ্জনক পদার্থ মোকাবিলায় প্রশিক্ষিত বিশেষ দলও মোতায়েন করা হয়েছে।

ইসরায়েলের জরুরি অ্যাম্বুলেন্স সেবা ম্যাগেন ডেভিড আদম জানিয়েছে, বিস্ফোরণে আহত তিনজনের শরীরেই গুরুতর দগ্ধ হওয়ার চিহ্ন ছিল। তাদের মধ্যে দুজন প্রথমে জ্ঞান হারিয়ে ফেলেন এবং তাদের স্পন্দন পাওয়া যাচ্ছিল না। পরে চিকিৎসকেরা সিপিআর ও ডিফিব্রিলেটর ব্যবহার করে তাদের পুনরুজ্জীবিত করেন।

ওই দুজনের শারীরিক অবস্থা অস্থিতিশীল থাকায় তাদের কোমায় রাখা হয়। পরে তাদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তৃতীয় আহত ব্যক্তির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে চিকিৎসা কর্তৃপক্ষ।

ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের ধারণা, বিস্ফোরণের ফলে নাইট্রোজেন ট্রাইফ্লুরাইড গ্যাস ছড়িয়ে পড়তে পারে। অদাহ্য এই গ্যাস শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে বিষক্রিয়া ঘটাতে পারে। রাসায়নিকটির সংশ্লিষ্টতা যাচাই করতে বিশেষজ্ঞ দল কাজ করছে। এ সময় সাধারণ মানুষকে ঘটনাস্থলের কাছে না যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

কিরিয়াত গাত পৌর কর্তৃপক্ষও স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেট জানিয়েছে, বিস্ফোরণের পর আগুনের উৎস নিয়ন্ত্রণে এনেছেন দমকলকর্মীরা। এর আগে আটটি দমকল ও উদ্ধারকারী দল এবং আশপাশের স্টেশন থেকে বিপজ্জনক পদার্থ মোকাবিলায় বিশেষায়িত ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

ইন্টেলের কিরিয়াত গাত কারখানায় সেমিকন্ডাক্টর চিপ তৈরি করা হয়। চিপ উৎপাদনের কাজে ব্যবহৃত হয় নাইট্রোজেন ট্রাইফ্লুরাইড গ্যাস। বিস্ফোরণের পর গ্যাসটির সম্ভাব্য ছড়িয়ে পড়া এবং এর ঝুঁকি নিরূপণে বিশেষজ্ঞ দল কাজ করছে।

সূত্র : টাইমস অব ইসরায়েল

source: Barta Bazar

Leave a Reply

Back to top button