News

নবম পে স্কেলে বেতন নির্ধারণ শেষ

নবম জাতীয় বেতন স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন মূল বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ কার্যক্রম শেষ হয়েছে। গত ৫ অক্টোবর শুরু হওয়া এ কার্যক্রম গতকাল মঙ্গলবার শেষ হয়। ফলে নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ, আগের বেতনের সঙ্গে পার্থক্য এবং বকেয়া পাওনার হিসাব চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়েছে।

নতুন ঘোষিত পে স্কেল অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের অক্টোবরের বেতন পাওয়ার কথা রয়েছে। তবে বকেয়া অর্থের পরিমাণ নির্ভর করবে সংশ্লিষ্ট কর্মচারীর গ্রেড, আগের মূল বেতন, নতুন নির্ধারিত বেতন এবং বেতন কার্যকরের সময়ের ওপর।

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী জুন ২০২৬ মাসের বেতন-ভাতা উত্তোলন এবং জুলাই থেকে সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার বিল সাবমিট না করা পর্যন্ত জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণ করা যাবে না বলে জানানো হয়েছে। অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে আইবাস প্লাস প্লাস (iBAS++) ব্যবস্থায় বেতন নির্ধারণের কার্যক্রম সম্পন্ন করার কথা।

তবে প্রতিরক্ষা ও জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন দেওয়া হয়। পরে ১৯ সেপ্টেম্বর অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ ২০২৬’ প্রকাশ করা হয়। এতে নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা উল্লেখ রয়েছে।

এদিকে, গত ১৯ অক্টোবর অর্থ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রচলিত যেসব ভাতা মূল বেতনের শতাংশের ভিত্তিতে দেওয়া হয়, সেগুলো ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ ও প্রদান করতে হবে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button