হামাস ফ্রান্সে পৌঁছাবে, মাখোঁকে আগেই সতর্ক করেছিলাম: নেতানিয়াহু

ফ্রান্সজুড়ে চলমান দাঙ্গা নিয়ে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, হামাসকে নির্মূল করা না হলে ফ্রান্সেও এমন পরিস্থিতি তৈরি হবে বলে আগেই মাখোঁকে সতর্ক করেছিলেন তিনি।
মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ফ্রান্সজুড়ে দাঙ্গার ঘটনা হৃদয়বিদারক। তার অভিযোগ, ফরাসি কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ছিল না এবং উগ্র ইসলামপন্থিদের কাছে আত্মসমর্পণ করেছে।
নেতানিয়াহু বলেন, ৭ অক্টোবর মাখোঁ তাকে ফোন করে কূটনৈতিক উপায়ে সমাধানের কথা জানিয়েছিলেন। জবাবে তিনি মাখোঁকে বলেছিলেন, হামাসকে নির্মূল করা না হলে তারা প্যারিসে পৌঁছাবে।
তিনি আরও বলেন, হামাস ইসলামিক স্টেটের (আইএস) মতো, বরং কিছু ক্ষেত্রে আরও ভয়ংকর।
সাক্ষাৎকারে ইরান নিয়েও কথা বলেন নেতানিয়াহু। তার দাবি, ইরান ইসরায়েলের বিরুদ্ধে অনলাইনে প্রচার চালাতে বিভিন্ন সহযোগী সংগঠনকে ব্যবহার করছে। গোয়েন্দা সংস্থা মোসাদের পাওয়া তথ্য অনুযায়ী, ইরান আসন্ন নির্বাচনে বিঘ্ন ঘটাতে কোনো সহযোগী সংগঠনকে কাজে লাগাতে পারে।
ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা বন্ধের উপায় হিসেবে দেশটির শাসনব্যবস্থার পতনের পক্ষে নিজের অবস্থানও পুনর্ব্যক্ত করেন নেতানিয়াহু। তিনি বলেন, এ লক্ষ্যে মোসাদ ও ইসরায়েলি সামরিক বাহিনীকে নির্দেশনা দিয়েছেন তিনি। তার দাবি, ইরানের শাসনব্যবস্থার পতন হলে হিজবুল্লাহ ও হামাসও টিকে থাকতে পারবে না।
সূত্র: আই২৪ নিউজ
শু
source: Barta Bazar