News
জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে সমঝোতায় বাংলাদেশ-আলজেরিয়া

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হাইড্রোকার্বন সহযোগিতা বিষয়ে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে আলজেরিয়া। এর আওতায় সরকারি পর্যায়ে (জিটুজি) আলজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির বিষয়ে আলোচনা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং আলজেরিয়ার পক্ষে দেশটির হাইড্রোকার্বনমন্ত্রী মোহামেদ আরকাব সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি দুই দেশের প্রতিনিধিরা জ্বালানি খাতে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে আলজেরিয়া থেকে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানি।
আরও পড়ুন
এ ছাড়া বাংলাদেশে এলএনজি ও এলপিজি অবকাঠামো উন্নয়ন এবং তেল, গ্যাস ও কয়লা অনুসন্ধানের বিষয়েও আলোচনা হয়। আলজেরিয়ার জ্বালানি খাতের অভিজ্ঞতা, উন্নত প্রযুক্তি ও সর্বোত্তম চর্চা সম্পর্কে ধারণা অর্জনে বাংলাদেশের প্রকৌশলী ও টেকনিশিয়ানদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের অনুরোধ জানান বাংলাদেশের জ্বালানিমন্ত্রী।
সমঝোতা স্মারক স্বাক্ষরে সন্তোষ প্রকাশ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, এই চুক্তি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সরকারি পর্যায়ে বিকল্প আফ্রিকান উৎস থেকে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
source: The Dhaka Diary