News

ঢাবির লাইব্রেরিতে বিদ্যুৎ বন্ধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ দিলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডিপিডিসির লোগো© সংগৃহীত ও সম্পাদিত

সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষ্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত রবিবার (১৮ অক্টোবর) রমনা কালী মন্দির পরিদর্শন করেছিলেন। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান লাইব্রেরি ও ব্যাচেলর স্টাফ কোয়ার্টার এলাকায় সেদিন টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিজ্ঞপ্তি দিয়েছিল বিদ্যুৎ কর্তৃপক্ষ। 

এ ঘটনায় গত রবিবার “রমনা মন্দিরে রাষ্ট্রপতির পরিদর্শন, ‌‌‘নিরাপত্তার স্বার্থে’ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না ঢাবির লাইব্রেরিতে” শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে ঢাকা ডায়েরি। এটি রাষ্ট্রপতির দৃষ্টিগোচর হওয়ার পর তিনি বিদ্যুৎ বন্ধের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। একইসাথে, তিনি জনগণের দুর্গতি ও ভোগান্তির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

গত সোমবার (১৯ অক্টোবর) রাষ্ট্রপতির কার্যালয়ের (বঙ্গভবন) প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এসএম রাহাত হাসনাত এতে স্বাক্ষর করেন। 

আরও পড়ুন

পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, “গত ১৮ অক্টোবর রমনা কালী মন্দিরে রাষ্ট্রপতির সফরের কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান লাইব্রেরি ও ব্যাচেলর স্টাফ কোয়ার্টার এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার প্রকাশিত একটি খবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর দৃষ্টিগোচর হওয়ার পর তিনি অত্যন্ত বিস্মিত হয়েছেন ও ক্ষোভ প্রকাশ করেছেন। একই সাথে তিনি জনগণের দুর্গতি ও ভোগান্তির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।”

এতে আরও বলা হয়, “রাষ্ট্রপতি তার যে কোনো সফর উপলক্ষ্যে যেন জনগণের কোনো ভোগান্তি ও হয়রানি না হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন।”

বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগের তথ্য জানিয়ে বিবৃতিতে বলা হয়, “এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বিদ্যুৎ বিভাগের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করা হয়েছে। বিদ্যুৎ বিভাগ জানায়, বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)- এর নিকট ঘটনার ব্যাখ্যা তলব করে পত্র দেয়া হয়েছে।”

এর আগে, গত রবিবার (১৮ অক্টোবর) দূর্গাপূজা উপলক্ষ্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রমনা কালী মন্দির পরিদর্শন উপলক্ষ্যে তার আগের দিন অর্থাৎ গত শনিবার (১৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান লাইব্রেরি ও ব্যাচেলর স্টাফ কোয়ার্টার এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) রমনা এনওসিএসের নির্বাহী প্রকৌশলী মো. রায়হানুল আলম।

তার ইস্যুকৃত সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল, “আগামী ১৮/১০/২০২৬ ইং তারিখ রোজ রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর রাষ্ট্রপতি ঢাকাস্থ রমনা কালী মন্দির স্থাপনায় সদয় উপস্থিত থাকবেন মর্মে জানা যায়। উক্ত অনুষ্ঠান উপলক্ষে নিরাপত্তা ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের স্বার্থে বর্ণিত তারিখে সকাল ০৬:০০ ঘটিকা হতে বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত আনন্দবাজার ওভারহেড ফিডারের আওতাধীন বিজ্ঞান লাইব্রেরী, ব্যাচেলর স্টাফ কোয়াটার, ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।”

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button